মেসির নতুন ইতিহাস
গোল করার পর দুই তর্জনী উঁচিয়ে আকাশের দিকে তাকান। এভাবেই স্বর্গবাসী নানিকে প্রতিটি গোল উৎসর্গ করেন লিওনেল মেসি। আর হ্যাটট্রিক হলে ম্যাচ শেষে স্মারক হিসেবে একটা বল কোলে করে নিয়ে বের হন মাঠ থেকে। পরশু দুটি ছবিই দেখা গেল। কিন্তু ছবি দুটি ধরা দিল একটু অন্যভাবে।দ্বিতীয় গোলটি করার পর আকাশের দিকে তাকালেন ঠিকই, তবে হয়তো নানি নয়, গোলটি উৎসর্গ করা হলো সিজার রদ্রিগেজকে। ওই গোল দিয়েই যে রদ্রিগেজকে পেছনে ঠেলে ইতিহাস গড়লেন লিওনেল মেসি। মাত্র ২৪ বছর বয়সে হয়ে গেলেন বার্সার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা! সেই ইতিহাস গড়ার রাতটি স্মরণীয় করে রাখলেন হ্যাটট্রিক করে। বার্সার বাকি দুই গোলেও রেখেছেন অবদান। গ্রেনাডাকে ৫-৩ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধানটিও পাঁচে নামিয়ে এনেছিল বার্সা।এর আগে জানা গিয়েছিল, প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে বার্সার হয়ে রেকর্ড ২৩৫টি গোল করেছেন রদ্রিগেজ। কিন্তু পরে সংশোধিত পরিসংখ্যানে দেখা যায়, রদ্রিগেজের গোল আসলে ২৩২টি। পরশুর আগে মেসির গোল ছিল ২৩১। ১৭ মিনিটে রদ্রিগেজকে ছুঁয়েছেন। ৬৭ মিনিটে ভেঙে দিয়েছেন ৬০ বছরের পুরোনো রেকর্ড। হ্যাটট্রিক পূর্ণ হয়েছে ৮৬ মিনিটে। মেসিময় রাতে চতুর্থ মিনিটে করা জাভির গোলটি তাঁর পাস থেকেই। ৮২ মিনিটে করা ক্রিস্টিয়ান তেয়োর গোলটিও তাঁর নেওয়া জোরালো শট গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে আসা বলে।রেকর্ড আর হ্যাটট্রিকই নয়, ম্যাচের মাঝখানে হুট করে আতঙ্কিত হয়ে পড়া বার্সাকেও উদ্ধার করেছেন। ৫৫ মিনিটে মাইঞ্জ আর ৬২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে পেনান্টি থেকে গিলার্মে সিকুইরা গোল করলে ২-২ সমতা হয়ে যায়। বার্সা তখন পয়েন্ট হারানোর ভয়ে আতঙ্কিত। কিন্তু দ্রুতই গোল এনে দিয়ে দুশ্চিন্তার মেঘ কাটিয়ে দিয়েছেন মেসি। ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে হয়ে গিয়েছিলেন লা লিগার সর্বোচ্চ গোলদাতাও। শেষ পর্যন্ত এই ম্যাচে গ্রেনাডার একটাই প্রাপ্তি—দুই বছর পর ন্যু ক্যাম্পে তিন গোল করা প্রথম দলের ‘স্বীকৃতি’!প্রতি সপ্তাহে ম্যাচ শেষে মেসিকে উচ্ছ্বসিত প্রশংসায় ভাসানো পেপ গার্দিওলার জন্য রুটিন হয়ে গেছে। নতুন নতুন কথা আর কতই বা বলবেন! গত ৭ ম্যাচে ১৭ গোল করা মেসি সম্পর্কে বার্সা কোচ এদিন বলেছেন, ‘মেসির সিংহাসন যারা কেড়ে নিতে চায় তাদের জন্য সত্যিই দুঃখ হচ্ছে। এই ছেলেটা সত্যিই সেরা। মাইকেল জর্ডান যেমন বাস্কেটবলে আধিপত্য করেছে, মেসিও সেটাই করছে ফুটবলে। এর চেয়ে আর বেশি কিছু কী-ইবা বলব!’শুধু কোচ নয়, মেসিকে প্রশংসার স্রোতে ভাসিয়ে দিয়েছে স্পেনের সংবাদমাধ্যমও। লা ভ্যানগার্ডিয়া লিখেছে, ‘মেসি নতুন করে লিখলেন ইতিহাস।’ ‘ঐতিহাসিক!’ শিরোনাম দিয়ে মুন্ডো দেপোর্তিভো লিখেছে, ‘জীবন্ত কিংবদন্তি বলতে যা বোঝায়, মেসি সেটাই। মাত্র ২৪ বছর বয়সের এই যুবা অসীমের পথে ছুটছেন, মনে হচ্ছে, তাঁর কোনো সীমা নেই। এএফপি, রয়টার্স।