মেসির নতুন ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেলের ৭৫ গোলের রেকর্ড ভেঙেছেন আগেই। জার্ড মুলারের রেকর্ড ভেঙে দেওয়াটা ছিল অবধারিত। সেই মাহেন্দ্রক্ষণটা কখন আসে, সেটাই ছিল কৌতূহলের বিষয়। কিন্তু এত বড় অর্জন, তার আগে একটু নাটকীয়তা না হলে জমে! অপেক্ষার প্রহরটি একটু দীর্ঘায়িত করতে ফুটবল-বিধাতাও মাঠে নামলেন। ৮৪ গোল নিয়ে মুলারের রেকর্ডের ওপর তপ্ত নিঃশ্বাস ফেলতে ফেলতে বুধবার ন্যু ক্যাম্পে বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি খেলতে নামলেন মেসি। ফুটবলপ্রেমীরা তাকিয়ে মেসির দিকে। কিন্তু মেসি গোল তো পেলেনই না, উল্টো হাঁটুতে চোট পেয়ে ৫৮ মিনিটে মাঠ ছাড়লেন স্ট্রেচারে!পরশুর ম্যাচটি নিয়েও তাই শঙ্কা ছিল—মেসি খেলবেন তো? সব শঙ্কা উড়িয়ে দিয়ে রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামলেন, দুই গোল করে গড়লেন ইতিহাস। ১৯৭২ সালে জার্মান কিংবদন্তি মুলার করেছিলেন ৮৫ গোল, ৪০ বছর পর সেই রেকর্ড ভেঙে আর্জেন্টাইন জাদুকর গড়ে ফেললেন এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড। তাঁর গোল এখন ৮৬টি! এর মধ্যে বার্সেলোনার হয়ে ৭৪টি, আর্জেন্টিনার হয়ে ১২টি।নিজেদের মাঠে বেটিস শুরু করেছিল তেড়েফুঁড়ে। বার্সেলোনা প্রথম সত্যিকারের আক্রমণটি করে ১৬ মিনিটে। আর তাতেই গোল করে মেসি ছুঁয়ে ফেলেন মুলারকে (৮৫ গোল)। এর ৯ মিনিট পর দ্বিতীয় গোলে গড়েন নতুন ইতিহাস।আদ্রিয়ানোর সঙ্গে ওয়ান-টু খেলে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন ইনিয়েস্তা। ফাঁকায় দাঁড়ানো মেসিকে দেখে করেন ব্যাকহিল। এবারও বাঁ পায়ের নিচু শটে পোস্টের ডান কর্নার দিয়ে মেসি বল জড়ান জালে। ২-০-তে পিছিয়ে পড়া বেটিসের হয়ে ৩৯ মিনিটে একটা গোল শোধ দিয়ে দেন রুবেন কাস্ত্রো। বেটিস গোল পরিশোধের মরিয়া চেষ্টা করে গেছে শেষ পর্যন্ত। কিন্তু সমতা আর ফেরাতে পারেনি। মেসির অবিস্মরণীয় কীর্তির দিনে জয় নিয়েই ফিরেছে বার্সেলোনা। জয় ২-১ গোলে। তবে শেষ দিকে দুবার বার্সার পোস্টে বল লেগে ফিরেছে। একবার বল ক্লিয়ার করতে গিয়ে লাগিয়েছেন হাভিয়ের মাচেরানো, আরেকবার বেটিসের হোর্হে মলিনা। বার্সা ফুলব্যাক জর্ডি আলবার শটও একবার লেগেছে বেটিসের ক্রসবারে। ১৫ ম্যাচে বার্সার পয়েন্ট হলো ৪৩, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ বেশি। আর দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান থাকল ছয়ই।পুরো ফুটবল বিশ্বই মেতেছে এখন মেসি-বন্দনায়। কিন্তু মেসি পুরোনো কথাটাই বলেছেন নতুন করে, ‘আমি এটা অনেকবারই বলেছি, (মুলারের) রেকর্ড ভেঙে দেওয়াটা দারুণ। কিন্তু দলের জয় এবং শীর্ষে পয়েন্টের ব্যবধানটা ধরে রাখা গুরুত্বপূর্ণ। আমার লক্ষ্যই দলের হয়ে শিরোপা জেতা। যেকোনো ব্যক্তিগত রেকর্ডের চেয়ে তাই স্প্যানিশ লিগ, স্প্যানিশ কাপ ও চ্যাম্পিয়নস লিগ জেতাটাই বেশি গুরুত্বপূর্ণ।’ এএফপি, রয়টার্সমেসিকে মুলার আমি আশা করব, এ বছরের বাকি ম্যাচগুলোতেও সে (মেসি) কিছু গোল করবে যাতে তার রেকর্ড আরও ৪০ বছর টিকে থাকে। আমার রেকর্ড, ৬০ ম্যাচে ৮৫ গোল টিকে ছিল ৪০ বছর। বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি এখন সেটি ভেঙে দিল, আমি এতে খুশিই। মেসি দুর্দান্ত, তার একটাই দোষ, সে এফসি বায়ার্নে খেলে না