মেসির নতুন মাইলফলক
স্প্যানিশ লিগের খেলায় রায়ো ভালেকানোর বিপক্ষে জোড়া গোল করে নতুন একটি মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি। এখন পর্যন্ত বার্সেলোনা ও আর্জেন্টিনার জার্সি গায়ে মোট ৪১৯ ম্যাচে মাঠে নেমে পূর্ণ করেছেন ৩০০ গোলের কোঠা। গতকাল তাঁর করা গোল দুটি ছিল ক্যারিয়ারের ৩০০ ও ৩০১তম গোল। মেসির এই মাইলফলক গড়ার রাতে বার্সেলোনাও পেয়েছে ৫-০ গোলের বড় জয়। আর এই জয় দিয়ে স্প্যানিশ লিগের শীর্ষস্থানটাও বেশ ভালোমতোই টিকিয়ে রেখেছে কাতালানরা।মেসির ৩০১টি গোলের মধ্যে ২৭০টি এসেছে বার্সেলোনার জার্সি গায়ে। ৩১টি গোল করেছেন আর্জেন্টিনার হয়ে। এই বছরে এখন পর্যন্ত মোট ৭৩টি গোল করেছেন মেসি। আর মাত্র দুটি গোল করলেই তিনি ছুঁয়ে ফেলবেন ১৯৫৯ সালে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের করা ৭৫ গোলের মাইলফলক। এক বছরে সর্বোচ্চ ৮৫টি গোল করার রেকর্ডটা আছে জার্মান জার্ড মুলারের দখলে। ১৯৭২ সালে বায়ার্ন মিউনিখ ও পশ্চিম জার্মানির হয়ে ৮৫ গোল করেছিলেন এই কিংবদন্তি।গতকাল নিজেদের মাঠে শক্তিশালী বার্সেলোনার বিপক্ষে শুরুতে ভালো পারফরমেন্সই দেখিয়েছিল রায়ো ভালেকানো। ১৯ মিনিটের মাথায় প্রথমবারের মতো গোলের সুযোগ সৃষ্টি করেছিল বার্সেলোনা। কিন্তু তখন লক্ষ্যে বল পাঠাতে পারেননি মেসি। এক মিনিট পর্বে কাতালানদের প্রথম গোলটি এনে দেন ডেভিড ভিয়া। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করতে হয় বার্সাকে। দ্বিতীয়ার্ধে একেবারে আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাঠে নামে ইউরোপের অন্যতম শীর্ষ এই ক্লাব। ৪৮ মিনিটে দলকে দ্বিতীয় গোল এনে দেন মেসি। ৭৮ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে দেন জাভি। দুই মিনিট পরে বার্সার পক্ষে চতুর্থ গোলটি করেন সেস ফেব্রিগাস। শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে দলের পক্ষে পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করে রায়োর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মেসি।—টাইমস অব ইন্ডিয়া