মেসির নিন্দুকের মুখে মার্টিনোর ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলোয়াড়টা লিওনেল মেসি বলেই লিগে টানা তিন ম্যাচে গোল না পাওয়া চোখে লাগছে অনেকের। ফাইল ছবি
খেলোয়াড়টা লিওনেল মেসি বলেই লিগে টানা তিন ম্যাচে গোল না পাওয়া চোখে লাগছে অনেকের। ফাইল ছবি

প্রাক-মৌসুমে চোট সমস্যায় ভুগছিলেন লিওনেল মেসি। নতুন মৌসুম শুরু হওয়ার পরও একই সমস্যা। ঊরুতে চোট পেয়ে তো মাঠের বাইরে কাটালেন টানা তিন সপ্তাহ। চোট থেকে ফেরার পর নিজেকে সেভাবে মেলেও ধরতে পারছেন না আর্জেন্টাইন জাদুকর। লিগে টানা তিন ম্যাচে গোল নেই! খেলোয়াড়টা মেসি বলেই বিস্মিত হতেই হচ্ছে।
এমনিতে মেসির রেকর্ড কিন্তু এই মৌসুমে এখনো দুর্দান্তই। ১৩ ম্যাচে গোল করেছেন ১২টি। কিন্তু নিন্দুকেরা বসে নেই। শুরু হয়েছে সমালোচনা। আর এমন সময় মেসির পাশে এসে দাঁড়ালেন কোচ জেরার্ডো মার্টিনো।
মেসিকে সমালোচনা একদমই মানতে পারছেন না মার্টিনো। সমালোচকদের প্রতি নিজের ক্ষোভটাও উগরে দিলেন বার্সা কোচ, ‘সমালোচনার মাধ্যমে মেসির প্রতি অবিচার করা হচ্ছে। কোনো ম্যাচে সে তিন গোল করতে না পারলে লোকে বলতে শুরু করে, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। যে কেউ ইনজুরিতে পড়তেই পারে। এটা মেসি থেকে শুরু করে সবার জন্যই প্রযোজ্য।’
মেসির অনুপস্থিতিতে দারুণ খেলছেন নেইমার। গত মাসে নিজে তিনটি গোল করেছেন। তিনটি গোল করতে সতীর্থদের সহায়তাও করেছেন। বার্সায় যোগ দেওয়ার পর থেকে ধারাবাহিকভাবে উন্নতি করছেন তিনি। ব্রাজিলীয় ফরোয়ার্ডের পারফরম্যান্সে মুগ্ধ কোচ মার্টিনোও, ‘নেইমার খুবই ভালো, বুদ্ধিমান। আচরণেও মার্জিত। এসবের জন্যই নতুন পরিবেশে ওর পক্ষে দ্রুত মানিয়ে নেওয়া সম্ভব হয়েছে।’
অক্টোবরে কোনো ম্যাচেই হারেনি বার্সা। দুরন্ত ফর্ম ধরে রেখে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ২-১ গোলের জয় পেয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এর পরও ‘আবর্তন নীতি’র কারণে কিছুটা সমালোচনা শুনতে হচ্ছে মার্টিনোকে। তবে দল নির্বাচনে নিজের পদ্ধতির প্রতিই সমর্থন জানালেন বার্সা কোচ, ‘খেলোয়াড় আবর্তনে ঝুঁকি থাকবেই। হারলে সমালোচনা শুনতে হবে, এটাই বাস্তবতা। তবে আমার মনে হয়, এটাই সবচেয়ে ভালো পদ্ধতি।’

মার্টিনো নিজের অবস্থানে অটল থাকলেও মেসির গোল না পাওয়ার পেছনে তাঁর ‘আবর্তন নীতি’ও অনেকাংশে দায়ী বলে মনে করছেন কেউ কেউ। কারণ এই আবর্তন নীতির কারণে মেসিকে বারবার জায়গা বদল করে খেলতে হচ্ছে। জাভি-ইনিয়েস্তাদের বিশ্রাম দিলে মেসিকে যেমন নিচে নেমে খেলতে হয়। আবার সর্বশেষ ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে মেসিকে যেমন খেলতে হয়েছে ডান উইংয়ে।

পেপ গার্দিওলা-যুগে স্বাধীনভাবে খেলেছেন আর্জেন্টাইন মহাতারকা। টিটো ভিলানোভা যুগেও। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকে মেসিকে বিভিন্ন পজিশনে খেলাচ্ছেন মার্টিনো। এ কারণে মেসি-ভক্তরা মার্টিনোর প্রতি অভিযোগ করতেই পারেন। সূত্র: গোল ডটকম।