মেসির পছন্দ স্বদেশি মার্টিনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালাগ্রন্থির ক্যানসার চিকিত্সায় পূর্ণ মনোনিবেশ করতে দায়িত্ব ছেড়েছেন টিটো ভিলানোভা। কে হতে চলেছেন বার্সার নতুন কোচ? ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত প্রশ্ন এখন এটিই।কোচের দৌড়ে নাম আসছে অনেকেরই। বার্সেলোনা সাধারণত যে পদ্ধতিতে কোচ বেছে নয়, সেটা মাথায় রাখলে শুরুতেই আসে ভিলানোভার দুই সহকারী জর্ডি রৌরা ও হুয়ান ফ্রান্সিসকো রুবির নাম। এর বাইরে আসছে সাবেক বার্সা কিংবদন্তি ইয়োহান ক্রুইফ, সাবেক ড্যানিশ ফুটবলার মাইকেল লাউড্রপ, সাবেক স্প্যানিশ মিডফিল্ডার লুইস এনরিকের নাম। হাই প্রোফাইল কোচদের মধ্যে স্প্যানিশ ও ইংলিশ গণমাধ্যমে এসেছে ইয়ুপ হেইঙ্কেস, ইয়ুর্গেন ক্লপ, রবার্তো মানচিনি, ভিলাস-ভোয়াস, জেরার্ডো মার্টিনো, মার্সেলো বিয়েলসার নামও। শেষ পর্যন্ত বার্সার হট সিটে কে বসছেন, তা জানা যাবে এক সপ্তাহের মধ্যেই।গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে ভিলানোভার দায়িত্ব ছাড়ার কথা জানানোর সময় নতুন কোচ সম্পর্কে কোনো আভাসই দেননি বার্সার সভাপতি স্যান্দ্রো রসেল কিংবা ক্লাবের পরিচালক আনদোনি জুবিজারেতা। তবে নিজেকে অন্যদের চেয়ে এগিয়ে রাখতেই পারেন আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো। কারণ, এরই মধ্যে তিনি সমর্থন পেয়ে গেছেন বার্সার প্রাণভোমরা লিওনেল মেসির। আর্জেন্টাইন মহাতারকা রাখঢাক না করেই বলে দিয়েছেন, প্যারাগুয়ের সাবেক এই কোচকে বার্সায় গুরু হিসেবে পেলে খুশিই হবেন তিনি।‘আমি সত্যি মার্টিনোকে পছন্দ করি। তাঁর কৌশল অসাধারণ। তাঁর অধীনে দল খুব ভালো খেলে। এ কারণে সবাই মার্টিনোকে পছন্দও করে।’ আর্জেন্টাইন ক্রীড়া দৈনিক ‘ওলে’কে বলেছেন টানা চারটি ফিফা ব্যালন ডি’অরজয়ী মেসি।৫০ বছর বয়সী মার্টিনো গত মৌসুমে নিউওয়েলস ওল্ড বয়েজের ম্যানেজার হিসেবে ছিলেন। প্যারাগুয়ে জাতীয় দলের সঙ্গে চার বছরের দায়িত্বকালে দক্ষিণ আমেরিকায় তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ২০০৭ সালে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচ নির্বাচিত হন মার্টিনো।বার্সার সবচেয়ে বড় তারকার সমর্থন পেয়েছেন। এটা অবশ্যই বড় অর্জন মার্টিনোর। আর্জেন্টাইন এই কোচ এবার বার্সার নীতি-নির্ধারকদের মন জয় করতে পারেন কি না, এটাই এখন দেখার অপেক্ষা।