মেসির পর হিগুয়েইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচে নিষিদ্ধ ছিলেন বলে ডাগআউটে জায়গা মেলেনি, তিনি বসেছিলেন ভিআইপি গ্যালারিতে। বার্সেলোনা কোচ পেপ গার্দিওলার মুখে মৃদু হাসির রেখা। সেই হাসি সংক্রমিত হলো বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তাসহ অন্যদের মুখেও। লিওনেল মেসি তাঁদের চোখকে দিয়েছেন দর্শনান্দ, অন্তরে বইয়েছেন তৃপ্তির ফল্গুধারা। কী করেছেন মেসি? ফুটবল দিয়ে যতটা আনন্দ দিতে পারেন সেটাই করেছেন এই আর্জেন্টাইন জাদুকর ।হ্যাটট্রিক করেছেন। সেই হ্যাটট্রিকে পরশু ভ্যালেন্সিয়া বিদ্ধ ৩-০ গোলে। এই জয়টাই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ লিগ শিরোপা লড়াইয়ে এগিয়ে যেতে দেয়নি। কিন্তু এগিয়ে তারা যেতেই পারত। একই রাতে রিয়ালের প্রতিপক্ষ যেখানে ছিল পয়েন্ট তালিকার দ্বিতীয় সর্বশেষ দল ভ্যালাদোলিদ, সেখানে বার্সেলোনার ভ্যালেন্সিয়া। ভ্যালেন্সিয়া শুধু পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানের দল বলেই নয়, গত কয়েক ম্যাচের অনুজ্জ্বল বার্সেলোনাকে তারা একটা কঠিন চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছিল। অন্তত প্রথমার্ধে অনেক পরিকল্পিত ডেভিড ভিয়া ও ডেভিড সিলভাদের দলটি বার্সেলোনাকে ম্লানও করে দিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে তারা দেখল অন্য এক বার্সেলোনাকে। যে দলে আছে একজন আর্জেন্টাইন জাদুকর, বিশ্বের সেরা ফুটবলারের অহংবোধ যাঁর মধ্যে একবার নড়াচড়া করলেই প্রতিপক্ষ শেষ। ৬৯ মিনিটে ডিফেন্ডার মাদুরোর দ্বিতীয় হলুদ কার্ডে ১০ জনের দলে পরিণত ভ্যালেন্সিয়া যেমন শেষ হলো এই ম্যাচে।মেসির হ্যাটট্রিকে বার্সেলোনার একক শীর্ষে থাকার আনন্দ তারপরও স্থায়ী হলো মাত্রই দুই ঘণ্টা। কারণ পরের ম্যাচেই ভ্যালাদোলিদকে তাদের মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত করে পয়েন্টে সমতা (২৬ ম্যাচে ৬৫) সত্ত্বেও গোল ব্যবধানে ওপরে উঠে গেছে রিয়াল। রিয়ালের অমন বিধ্বংসী জয়ের নায়কও একজন আর্জেন্টাইন, আগামী বিশ্বকাপে যিনি মেসির সঙ্গেই জুটি গড়বেন আর্জেন্টিনার আক্রমণ ফলায়—গঞ্জালো হিগুয়েইন। হ্যাটট্রিক করেছেন ১০ নম্বর জার্সিধারীও। ৫৬, ৮১ ও ৮২ মিনিট—হ্যাটট্রিক পূর্ণ করতে মেসির লেগেছে ২৬ মিনিট। হিগুয়েইনের ২০ মিনিট। ৪৫ মিনিটে প্রথম গোলের পর ৫২ ও ৬৫ মিনিটে আরও দুই গোল করেছেন লিওঁর কাছে কদিন আগে রিয়ালের চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন শেষ হওয়া ম্যাচের ‘স্বার্থপর’ স্ট্রাইকার। ২৮ মিনিটে নিজের সেই ট্রেডমার্ক ফ্রি-কিকে ভ্যালাদোলিদের প্রথম প্রতিরোধ ভেঙেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আলবিওলের আত্মঘাতী গোলে ভ্যালাদোলিদ কেবল ব্যবধানই কমিয়েছে।হ্যাটট্রিক হ্যাটট্রিকই। কোনোটিকে এগিয়ে বা পিছিয়ে রাখার জন্য বিশ্লেষকেরা হয়তো ভিডিও নিয়ে বসছেন না, কাগজ-কলম নিয়েও না। তবে তাঁদের মুগ্ধতার কথা হয়তো বলবেন। মেসির গোল তিনটি ছিল মুগ্ধতা-জাগানিয়া। দুর্দান্ত গতিতে বল নিয়ে মেসি সাপের মতো আঁকাবাঁকা ড্রিবলিংয়ে তিন ডিফেন্ডারকে নাচিয়ে ভেতরে ঢুকে বাঁ পায়ে প্রথম গোলটি করেন যান্ত্রিক দক্ষতায়। একক নৈপুণ্যে বল নিয়ে বক্সে ঢুকে দ্বিতীয় গোলটিও করেছেন বাঁ পায়ে, তৃতীয় গোলটি ডান পায়ের চতুর ফিনিশিং। এই তিন গোল লিগের শীর্ষ গোলদাতা মেসিকে ওপরে তুলে দিল আরও। ২২ গোল হলো তাঁর, আর্জেন্টাইন সতীর্থ হিগুয়েইনই ১৯ গোল নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী, তিনে আছেন ভ্যালেন্সিয়ার ডেভিড ভিয়া (১৭) ইনজুরির কারণে যিনি এ ম্যাচ খেলতে পারেননি। বিশ্ব ফুটবলে মেসির আসল প্রতিদ্বন্দ্বী রোনালদো চারে (১৫)।দুই আর্জেন্টাইনের দুটি হ্যাটট্রিক ন্যু ক্যাম্পকে ভরিয়ে দিয়েছে আনন্দে, চ্যাম্পিয়নস লিগ ‘অতীত’ হওয়ার পর লা লিগা জিততে ঝাঁপিয়ে পড়া রিয়ালকে দিয়েছে তৃপ্তি। কিন্তু একজন স্পেন থেকে অনেক দূরে বসে অলক্ষ্যে সবচেয়ে তৃপ্তির হাসিটাই হাসছেন—ডিয়েগো ম্যারাডোনা!