মেসির পা এখনো মাটিতেই আছে!
অতি আপনজনের প্রশংসা করতে গেলে এমনই হয়, ভাষা হারিয়ে যায়। হাভিয়ের মাচেরানোর অবস্থাও ঠিক তাই। স্বদেশি লিওনেল মেসির প্রশংসা করতে গিয়ে বললেন, সে ‘ভিন্ন রকম খেলছে।’ এই ‘ভিন্ন রকম’ আর কিছু নয়, বলতে চাইলেন, ‘সে অন্য গ্রহের ফুটবল খেলছে!’ স্প্যানিশ লিগে এক মৌসুমে ৫০ গোলসহ ৭২ গোল করে এরই মধ্যে বিশ্ব রেকর্ড গড়েছেন। হাতে আরও দুটি ম্যাচ আছে বলে গোলসংখ্যা বাড়ানোরও সুযোগ থাকছে। মেসির এই অবিশ্বাস্য গোল করার ক্ষমতা দেখে বিস্মিত মাচেরানো। কিন্তু মেসিকে আর্জেন্টাইন মিডফিল্ডার স্যালুট জানিয়েছেন এই ‘অতিমানবীয়’ কীর্তির পরও তাঁর পা মাটিতে থাকছে দেখে। ‘এমনকি আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, সে জানে কিনা মৌসুমে সে গোল করেছে ৭২টি’—মুন্ডো দেপোর্তিভো এভাবেই উদ্ধৃত করেছে লিভারপুলের সাবেক ফুটবলারকে। ‘সে হয়তো মানুষ নয়, তবে এটা ভালো, সে এখনো নিজেকে মানুষই ভাবে’—মেসি সম্পর্কে আরও বলেছেন মাচেরানো। এক মৌসুমে ৭২ গোল! ‘অতিমানব’ হলেই এটা সম্ভব! কিন্তু তাই বলে এ নিয়ে মেসির এতটুকু অহংবোধ নেই। সতীর্থদের সঙ্গে বরং অন্য আর দশজন খেলোয়াড়ের মতোই তাঁর আচরণ। কথাবার্তা, চালচলনে অতিসাধারণ। মেসির এই সারল্য মাচেরানোর চেয়ে ভালো কারও জানার কথা নয়। জাতীয় দল এবং ক্লাব বার্সেলোনা—দুই জায়গাতেই যখন দুজন খেলেন একই সঙ্গে। লিভারপুল থেকে ২৭ বছর বয়সী মাচেরানোর বার্সেলোনায় আসা অনেকটা মেসির যোগাযোগেই। কিন্তু বার্সেলোনায় আসার পর আর্জেন্টিনার সাবেক অধিনায়কের খেলার পজিশনটাই বদলে ফেলেছেন কোচ পেপ গার্দিওলা। ডিফেন্সিভ মিডফিল্ডার থেকে রূপান্তরিত হয়েছেন সেন্টারব্যাকে। এতে এতটুকু ক্ষোভ নেই মাচেরানোর, তিনি বরং গার্দিওলার প্রশংসায়ও পঞ্চমুখ।আর গার্দিওলা আরও একবার প্রশংসা করেছেন মেসির। মেসির সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জনটি উড়িয়ে দিয়ে বার্সার বিদায়ী কোচ সেদিন বলেছিলেন, তাঁদের সম্পর্কটা এখনো আগের মতোই আছে। এবার বললেন, মেসির প্রতি তাঁর কোনো বিদ্বেষ বা ঈর্ষা নেই। মেসিই তাঁকে কোচ হিসেবে প্রতিষ্ঠা পেতে সাহায্য করেছে, ‘লিও পুরো মৌসুমেই লাইমলাইটে ছিল, এতে আমার কোনো ঈর্ষা হতে পারে না। আমার প্রত্যাশা, এটি সে ভবিষ্যতেও ধরে রাখবে। যতটা সম্ভব আমি তাকে সাহায্য করার চেষ্টা করে গেছি এবং সেও আমার উন্নতির জন্য এবং একজন কোচ হিসেবে প্রতিষ্ঠা পেতে সাহায্য করেছে। আমি লিওর কাছে কৃতজ্ঞ।’ ওয়েবসাইট।