মেসির পাঁচ গোল
ফুটবল বিস্ময় লিওনেল মেসি প্রতিবারই নিজের পারফরম্যান্সকে নতুন মোড়কে হাজির করেন দর্শকদের সামনে। দর্শকদের মোহিত করেন নতুন নতুন বিস্ময়ে। কাল যেমন তাঁর ভক্ত-সমর্থকেরা তথা ফুটবলপ্রেমীরা মোহিত হলো বেয়ার লেভারকুসেনের বিপক্ষে তাঁর অনন্য পাঁচ গোলের কীর্তিতে। বুধবার রাতটি ছিল পুরোপুরিই লিওনেল মেসির। তাঁর পাঁচ গোলের ওপর ভর করে চ্যাম্পিয়নস লিগে লেভারকুসেনকে ৭-১ গোলেন বিশাল ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।লিওনেল মেসি প্রথম খেলোয়াড় যিনি চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে পাঁচ গোল করার দারুণ এক কীর্তির অধিকারী হলেন। কাল মেসির পাঁচ গোলের পাশাপাশি বার্সেলোনাকে আরও দুই গোল উপহার দেন বদলি খেলোয়াড় ক্রিস্টিয়ান টেল্লো। এটি ছিল চ্যাম্পিয়নস লিগের নক আউটপর্বে কোনো দলের সর্ববৃহত্ জয়।কালকের ম্যাচে পাঁচ গোল করে লিওনেল মেসি এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে তাঁর গোল সংখ্যা নিয়ে গেলেন ১২-তে। সাতটি ম্যাচে অংশ নিয়ে এই পরিমাণ গোল করে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের এককালের ডাচ স্ট্রাইকার রুদ ফন নিস্তেলরুইয়ের সঙ্গে ব্র্যাকেটবন্দী হলেন।মেসির পাঁচ গোলের প্রতিটিতেই ছিল তাঁর অনন্য প্রতিভার ছোঁয়া। দুই পায়েই তাঁর গোলগুলো বলে দিচ্ছিল, কেন তিনি বিশ্ব ফুটবলে গত তিনবারের সেরা তারকা।এমন কীর্তির পরেও লিওনেল মেসি কিন্তু নির্লিপ্ত। বলেছেন, ‘আসল কথা হলো, এই ম্যাচে দল জিতেছে এবং তারা পরের রাউন্ডে কোয়ালিফাই করেছে।’ এমন মন্তব্য প্রতিভাবানদের মুখেই মানায়। তিনি আরও বলেছেন, ‘পাঁচ গোল করা সত্যিই দারুণ ব্যাপার। তবে দলের জয়ই আমার কাছে অগ্রাধিকার।’ রয়টার্স।