মেসির পাশাপাশি রোমেরোও

লিওনেল মেসি তো মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন। গ্রুপের শেষ ম্যাচে খোলস ছেড়ে বেরোনোর ইঙ্গিত দিয়েছেন অ্যাঙ্গেল ডি মারিয়াও। তবে ডিয়েগো সিমিওনে মুগ্ধ সার্জিও রোমেরোর পারফরম্যান্সেও। সাবেক আর্জেন্টাইন অধিনায়কের বিশ্বাস, রোমেরো এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে দলের রক্ষণদুশ্চিন্তা অনেকটাই কমে যাবে।
দু-তিন বিশ্বকাপ ধরেই গোলকিপিংটা একটা দুর্বলতার জায়গা ছিল আর্জেন্টিনার। এবারও রোমেরোকে নিয়ে আশার জায়গা খুব বেশি ছিল না। আর্জেন্টিনার মতো দলের এক নম্বর গোলকিপার হতে গেলে একটা ন্যূনতম মান তো লাগেই। সেটা রোমেরোর আছেও। তবে বিশ্বসেরাদের কাতারে তো নয়ই, ‘ভালো’ থেকে ‘খুব ভালো’ ঠিক হতে পারেননি কখনোই। এবার আর্জেন্টাইনদের দুশ্চিন্তা আরও বেশি ছিল রোমেরোর ম্যাচ অনুশীলনে ঘাটতি ছিল বলে। ইতালিয়ান ক্লাব সাম্পদোরিয়া তাঁকে গত বছর ধারে পাঠিয়েছে মোনাকোতে। ফরাসি ক্লাবটিতে এই মৌসুমে ডাগ-আউট গরম করেই কাটাতে হয়েছে রোমেরোকে।
তবে গোলকিপিং নিয়ে শঙ্কাগুলো ক্রমেই মেসিদের জন্য আশায় রূপ নিচ্ছে রোমেরোর পারফরম্যান্সে। প্রথম ম্যাচে পারফরম্যান্স ছিল ভালো। তবে রোমেরো চমকে দিয়েছেন দ্বিতীয় ম্যাচে। ইরানের বিপক্ষে সেদিন দুর্দান্ত রিফ্লেক্সে দুটি নিশ্চিত গোল হজম থেকে বাঁচিয়েছেন দলকে, পুরো ম্যাচেই ছিলেন আস্থা হয়ে। রোমেরোর সেদিনের পারফরম্যান্সেই দলকে নিয়ে ভরসা পাচ্ছেন সিমিওনে, ‘ইরানের বিপক্ষে রোমেরোর পারফরম্যান্সে আমি মুগ্ধ। মেসির মতো একজন ফুটবলার আছে আমাদের, যে কিনা একাই যেকোনো ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। পাশাপাশি গোলকিপারও যদিও প্রতি ম্যাচে এভাবে উন্নতির ধারা ধরে রাখতে পারে, দলটাও তখন অনেক আত্মবিশ্বাসী হয়ে ওঠে।’ ইএসপিএন।