মেসির পাশে ইনিয়েস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসির নামের পাশে ‘ব্যর্থ’ শব্দটি বসেছে খুব কমই। আর্জেন্টিনার জার্সি গায়ে নিজের মতো খেলতে না পারার দুর্নাম ঘুচিয়েছেন গত কিছুদিনে। টানা চারবারের ফিফা বর্ষসেরা এ মৌসুমে ছিলেন আরও অপ্রতিরোধ্য। কিন্তু এসি মিলান ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দুটিতে নিষ্প্রভ থাকার পর শোনা যাচ্ছে মৃদু গুঞ্জন। বড় ম্যাচে, দলের প্রয়োজনের সময় জ্বলে উঠতে পারছেন না মেসি!তবে সতীর্থের পাশে দাঁড়িয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। ব্যর্থতার দায় শুধু মেসির ঘাড়ে চাপাতে নারাজ বার্সা মিডফিল্ডার, ‘ব্যর্থতা গোটা দলের, মেসি ভালো করেছে কি খারাপ, এটা কোনো ব্যাপার নয়। আমরা এর আগে প্রচুর গোল করেছি, করেছে সে-ও। স্রেফ গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে আমরা নিখুঁত থাকতে পারিনি। দল ভালো না করলে সেই দায় সবার।’টানা খেলতে খেলতে ক্লান্তি মেসিকে জড়িয়ে ধরছে কিনা, উঠছে সেই প্রশ্নও। তবে ম্যাচের পর বার্সা টিভিকে মেসি বলেছিলেন, ‘ম্যাচের পর ম্যাচ টানা খেলতে আমি অভ্যস্ত। এটাই বরং আমি বেশি পছন্দ করি। বিশ্রাম না নিলেই আমার ভালো লাগে।’ বিশ্লেষকদের মতে, এই ম্যাচ দুটি মেসির ওপর বার্সার অতিনির্ভরতাও ফুটিয়ে তুলছে। মেসির অতিমানবীয় ফর্মের কারণেই লা লিগায় এতটা এগিয়ে বার্সা। বাকি তিন ফরোয়ার্ড পেদ্রো, অ্যালেক্সিস সানচেজ ও ডেভিড ভিয়া মিলে লা লিগায় করতে পেরেছেন মাত্র ১২ গোল! মেসির নিষ্প্রভ চেহারায় ফুটে উঠেছে কাতালানদের দুর্বলতাও।ইনিয়েস্তা অবশ্য খুব বেশি চিন্তার কিছু দেখছেন না। সমর্থকদের আতঙ্কিত না হতেও পরামর্শ দিচ্ছেন। দুটি ম্যাচ বাজে খেলায় যেমন প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রশ্নগুলোকে থামিয়েও দিতে পারে আবার দুটি ম্যাচ। আগামীকাল লা লিগায় বার্সা আবার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের। আর এসি মিলানের সঙ্গে চ্যাম্পিয়নস লিগে টিকে থাকার কঠিন লড়াই ১২ মার্চ।ইনিয়েস্তার আশা, সামনের এই ম্যাচ দুটি দিয়েই আবার ঘুরে দাঁড়াবে বার্সা, ‘হেরে যাওয়া ম্যাচ দুটি গভীরভাবে বিশ্লেষণ করতে হবে আমাদের। কোথায় ভালো করেছি, কোথায় করতে পারিনি, কোথায় উন্নতি করতে হবে। আমি নিশ্চিত, আবার আমরা ধারালো হয়ে উঠতে পারব। আমাদের মনে রাখতে হবে যে লা লিগায় আমরা এখনো অনেক এগিয়ে এবং এই ব্যবধানটা ধরে রাখতে হবে (রিয়ালের বিপক্ষে)। মিলানের বিপক্ষে ম্যাচটায় আমাদের প্রথম মিনিট থেকেই ঝাঁপিয়ে পড়তে হবে। বাঁচা-মরার ম্যাচে অন্য কোনো বিকল্প নেই। এএফপি, রয়টার্স।