মেসির পাশে এবার লাভেজ্জি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে মগ্ন মেসির দিকে তাকিয়ে মাচেরানো। আসলে তাকিয়ে পুরো আর্জেন্টিনাই। বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের বিপক্ষে আজও কোচ আলেসান্দ্রো সাবেলার বড় অস্ত্র তাঁর অধিনায়ক l এএফপি
অনুশীলনে মগ্ন মেসির দিকে তাকিয়ে মাচেরানো। আসলে তাকিয়ে পুরো আর্জেন্টিনাই। বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের বিপক্ষে আজও কোচ আলেসান্দ্রো সাবেলার বড় অস্ত্র তাঁর অধিনায়ক l এএফপি

গ্রুপপর্বে আর্জেন্টিনার তিনটি জয়ই মেসিময়। তিন ম্যাচে আর্জেন্টিনার ৬ গোলের ৪টিই মেসির। একটি আত্মঘাতী। বাকি সবাই মিলে এক গোল করেছেন! নাইজেরিয়ার বিপক্ষে জয়সূচক সেই গোলটা আবার করেছেন একজন ডিফেন্ডার—মার্কোস রোহো। মানে মেসি ছাড়া আর্জেন্টিনার তথাকথিত বিশ্বসেরা আক্রমণভাগের আরও কেউ এখনো গোলের সন্ধান পাননি। এভাবে প্রতি ম্যাচেই কি মেসির ওপর ভর করে পার পাবে আর্জেন্টিনা? আজ সুইজারল্যান্ডের সঙ্গে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে মেসিহীন একটা গোলের রাস্তাই খুঁজে ফিরছে আলেসান্দ্রো সাবেলার দল।
সেই একজনটা কে হবেন, মেসির সঙ্গে যাঁর পায়ের সংগত লাগবে আর্জেন্টিনার? গঞ্জালো হিগুয়েইন, অ্যাঙ্গেল ডি মারিয়ারা আছেন। তবে এই মুহূর্তে মেসির পাশে সম্ভাব্য গোলপ্রসবা হিসেবে আর্জেন্টাইনরা আস্থা রাখতে চাইছে এজেকিয়েল লাভেজ্জির ওপর। সার্জিও আগুয়েরোকে চোট ছিটকে না দিলে আজও হয়তো বেঞ্চই হতো পিএসজি ফরোয়ার্ডের ঠিকানা। বসনিয়ার সঙ্গে প্রথম ম্যাচে মাঠেই নামা হয়নি। ইরানের সঙ্গে গোলের জন্য ঘাম ছোটানোর ম্যাচে বদলি হিসেবে ডাক পান ৭৬ মিনিটে। নাইজেরিয়া ম্যাচে আগুয়েরোর চোট তাঁকে ৩৮ মিনিটেই মাঠে নামায়। তাতেই নিজেকে প্রমাণ করেছেন।
মূলত উইংয়ে খেললেও ২৯ বছর বয়সী মাঝমাঠেও স্বচ্ছন্দ। এমনও মনে করা হচ্ছে আর্জেন্টিনার ট্যাকটিক্যাল ছকের জন্যই লাভেজ্জিকে শুরুর একাদশে দরকার। আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপজয়ী কোচ সিজার লুইস মেনোত্তি তো বলেই দিয়েছেন, আগুয়েরোর ছিটকে পড়াটা দলের জন্য ভালো হয়েছে! তাতে লাভেজ্জির পথটা সুগম হয়েছে। বলের জন্য লাভেজ্জির ছোটাছুটি, জায়গা নেওয়া মেনোত্তির খুবই পছন্দ হয়েছে। লাভেজ্জি পারবেন মেসির সহায়ক হয়ে দলকে এগিয়ে নিতে? আর্জেন্টিনার সহকারী কোচ ক্লদিও গুগনালি বলছেন লাভেজ্জিও চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত, ‘সে খুবই শক্তিশালী খেলোয়াড়। সে সুযোগটা লুফে নিতে পারবে, এ নিয়ে আমার মনে কোনো রকম সংশয় নেই।’