মেসির পাশে ওঁরাও আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদাদে দো গ্যালোতে দলের অনুশীলনে সার্জিও আগুয়েরোকে পাস দিয়ে ফিরতি পাস পাওয়ার অপেক্ষায় লিওনেল মেসি। আজ এভাবেই ওয়ান-টু খেলে ইরানকে গুঁড়িয়ে দিতে চাইবেন তাঁরা l এএফপি
সিদাদে দো গ্যালোতে দলের অনুশীলনে সার্জিও আগুয়েরোকে পাস দিয়ে ফিরতি পাস পাওয়ার অপেক্ষায় লিওনেল মেসি। আজ এভাবেই ওয়ান-টু খেলে ইরানকে গুঁড়িয়ে দিতে চাইবেন তাঁরা l এএফপি

শুধু মেসির অসাধারণ একটা গোল। ওইটুকু বাদ দিলে বসনিয়ার সঙ্গে প্রথম ম্যাচটা থেকে আর্জেন্টিনার প্রাপ্তি কী?
জয়? বিশ্বকাপের নবীনতম দেশটার বিপক্ষে সেটা তো প্রত্যাশিতই ছিল। কিন্তু পারফরম্যান্সটা িক ‘আর্জেন্টিনাসুলভ’ হয়েছে?
প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে যে দলটা, তাদের বিপক্ষে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কিনা জিতল মেসির সেই গোলের সঙ্গে উপহার পাওয়া একটা বসনিয়ান আত্মঘাতী গোলে! অথচ বিশ্বকাপের গ্রুপিংটা হয়ে যাওয়ার পর ধারণা করা হয়েছিল, গ্রুপের তিনটি ম্যাচে দুর্বল তিন প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করবেন মেসি-আগুয়েরো-হিগুয়েইন-ডি মারিয়ারা। পরে গিয়ে যা-ই হোক, অন্তত গ্রুপের তিন ম্যাচে গোলবন্যা বইয়ে দেবে বিশ্বের অন্যতম সেরা এই আক্রমণভাগ। বসনিয়ার বিপক্ষে সেই আর্জেন্টিনাকে খুঁজে পাওয়া যায়নি। আজ ইরানের বিপক্ষে কি সেই প্রত্যাশিত গোল-উৎসব দেখবেন আর্জেন্টাইন সমর্থকেরা?
মেসির কথায় সেই আভাস। বসনিয়ার সঙ্গে শুরুতে কিছুটা রক্ষণাত্মক কৌশল নিলেও আজ শুরু থেকেই আর্জেন্টিনা আক্রমণাত্মক থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন। ম্যাচের আগেই বলেছেন, ‘আমাদের আক্রমণভাগ দারুণ। আর যত বেশি আক্রমণ করব, গোলের সুযোগ তত বেড়ে যাবে। কথাটা কাজে প্রমাণ করতে পারলে যে আর্জেন্টাইন সমর্থকেরাই সবচেয়ে বেশি খুশি হবে, তাতে সন্দেহ নেই কোনো।’
প্রথম ম্যাচে হারের পর বসনিয়ার মিডফিল্ডার হাসির মেদুনিয়ানিনও স্বীকার করেছেন, মেসিকে আটকানো প্রায় অসম্ভব। ঘণ্টা খানেক কড়া প্রহরায় রাখার পরেও আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ওরকম একটা গোল করতে দেখার পরে মেদুনিয়ানিনের উপলব্ধি, ‘মেসিকে আটকাতে পারে একমাত্র মেসি।’ প্রায় একই রকম উপলব্ধি ইরান কোচ কার্লোস কুইরোজেরও। তবে তাঁর দুশ্চিন্তা শুধু বার্সেলোনা ফরোয়ার্ডকে নিয়ে নয়, ‘আমি ডি মারিয়া, হিগুয়েইন, আগুয়েরোদের নিয়েও উদ্বিগ্ন। ওরাও অসাধারণ খেলোয়াড়।’
বোঝাই যাচ্ছে, প্রথম ম্যাচে আর্জেন্টিনার পারফরম্যান্স যেমনই হোক, আজ তাদের আক্রমণভাগ নিয়ে দুশ্চিন্তায় আছেন ইরান কোচ। সেই দুশ্চিন্তা দূর করতেই কিনা প্রতিপক্ষের ওপরে সবটুকু চাপ সরিয়ে দিয়ে নিজেরা নির্ভার হয়ে যেতে চাইছেন ইরান স্ট্রাইকার রেজা ঘুচান্নেজাদ, ‘আর্জেন্টিনা তো এবারের বিশ্বকাপেই ফেবারিট। আমাদেরকে নিয়ে কেউ এই প্রত্যাশা করছে না। সুতরাং সবটুকু চাপ থাকবে তাদের ওপর। আমরা শুধু নাইজেরিয়ার সঙ্গে প্রথম ম্যাচে যেভাবে প্রতিরোধ গড়েছিলাম, সেভাবে প্রতিরোধ করে যাব।’
মেসি-আগুয়েরো আর হিগুয়েইনরা কি পারবেন সেই প্রতিরোধের দেয়াল ভেঙে গুঁড়িয়ে দিতে?