মেসির পাশে ম্যারাডোনা
মনটা এমনিতেই ভালো নেই তাঁর। মা হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে। আর্জেন্টিনাও ধুঁকছে। এর মধ্যে প্রিয় শিষ্য লিওনেল মেসিকেও ক্ষতবিক্ষত করা হচ্ছে সমালোচনার চাবুকে। অবশেষে জাতীয় দল নিয়ে মুখ খুললেন ডিয়েগো ম্যারাডোনা। পাশে দাঁড়ালেন মেসির, ‘মেসির পাশে দাঁড়াতেই হবে। জাতীয় দল একটুও আক্রমণ করতে পারল না, অথচ এর জন্য দায়ী করা হচ্ছে ওকেই। গর্দভের দল ওকে নিয়ে যেভাবে সমালোচনা করছে, সেটা অন্যায়।’শুধু পত্রিকায় মেসির পক্ষে দাঁড়িয়েই নিজের কর্তব্য শেষ বলে মানেননি। নিজে কথাও বলেছেন মেসির সঙ্গে, ‘ওর সঙ্গে কথা বলেছি। বলেছি মাথা ঠান্ডা রাখতে। ১৯৮৬ বিশ্বকাপের আগেও এমন ভয়াবহ অবস্থার মধ্যে ছিলাম আমি। (আর্জেন্টিনার) সাংবাদিকদের ৮০ শতাংশই আমার সমালোচনা করছিল। অথচ পরে এদের প্রত্যেকেই আমার কাছে ধরনা দিয়েছে একটা স্টোরির জন্য। তাই আমিও বুঝতে পারছি এখন এসব কী হচ্ছে।’শুধু মেসি নয়, ম্যারাডোনা দলের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন বাকি সব খেলোয়াড়েরই, ‘আমার সঙ্গে যারা বিশ্বকাপে ছিল এবং যারা ছিল না, তাদের প্রত্যেককেই আমি পৃথিবীর সেরা শুভকামনাই জানাচ্ছি।’ একটা পাদটীকাও আছে। ম্যারাডোনার সমর্থন কিন্তু সার্জিও বাতিস্তার জন্য বরাদ্দ নয়, ‘বাকিদের জন্য আমার কোনো শুভকামনা নেই।’ ওয়েবসাইট।