মেসির পাশে 'মেসি'

ছেলেটার নাম লিখে ইউটিউবে ‘সার্চ’ দিন। দেখে নিন কয়েকটা ভিডিও। কী ভাবছেন? ভুল করে কেউ লিওনেল মেসির ছোটবেলার ভিডিও অন্য এক বালকের নামে তুলে দিয়েছে?
সন্দেহ নিরসনে আবারও নামটা লিখে ইন্টারনেটে কিছুক্ষণ ঘাঁটাঘাঁটি করতে পারেন। জেনে নিন ছেলেটার জীবনের গল্পও। আর্জেন্টিনায় জন্ম, আট বছর বয়স, গ্রোথ হরমোনের সমস্যা ধরা পড়েছে তারও অনেক আগেই। অথচ এই বয়সেই কী অসাধারণ ফুটবল খেলে সে! কী তার ড্রিবলিং, বল যেন কথা শোনে।
কী আশ্চর্য, এ তো মেসিরই জীবনের গল্প। কোথাও কোনো ভুল হচ্ছে না তো?
নাহ, ভুল নয়। ৮ বছর বয়সী ক্লদিও নানকুফিলের জীবনের গল্পটা মেসির মতোই। অনেকে তাকে বলছেন ‘নতুন মেসি’। বরফে ঢাকা আন্দিজের পাদদেশে বারিলোচে শহরে জন্ম বলে কেউ কেউ ডাকছেন ‘দ্য স্নো মেসি’!
নানকুফিলকে নিয়ে মাতামাতি শুধু তার প্রতিভার ঝলক কিংবা মেসির সঙ্গে জীবনের গল্পে মিল বলে নয়। ২০১৪ বিশ্বকাপ উপলক্ষে বেশ কয়েকটি দেশের ফুটবল ঐতিহ্য নিয়ে প্রামাণ্যচিত্র তৈরি করছে বিবিসি। আর্জেন্টিনাকে নিয়ে পর্বটিতে দেশটির অতীত-বর্তমান-ভবিষ্যৎ প্রজন্মের তারকা হিসেবে থাকছেন ম্যারাডোনা, মেসি ও নানকুফিল! এমন দুই কিংবদন্তির সঙ্গে নিজের ছেলেকে দেখবেন—নানকুফিলের মা ভিভিয়ানার কাছে যেন স্বপ্নের মতো লাগে, ‘আরও ছোট থেকেই ও কীভাবে যেন বল নিয়ে এতসব কারুকাজ করে। আমরা ওকে জিজ্ঞাসা করেছিলাম, এসব করো কীভাবে? সে বলে, “কীভাবে খেলি, আমি জানি না। আমার পা এমনি এমনি খেলে।”’
আর্জেন্টিনার মার্টিন গোমেজ নামে একটা ক্লাবের হয়ে খেলে নানকুফিল। কিন্তু এরই মধ্যে নজর কেড়েছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকোর মতো স্প্যানিশ পরাশক্তিদের। তবে আর্জেন্টাইন এই ‘বিস্ময়বালক’ এই মুহূর্তে যে জনসংযোগ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ, সেটির মালিক মানুয়েল ওতেরো বলেছেন, ‘বড়দিনের ছুটি কাটিয়ে স্পেনের তিনটি ক্লাবে ট্রায়াল দিতে যাবে নানকুফিল। ক্লাবগুলো কী প্রস্তাব দেয়, তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেব আমরা।’
বার্সেলোনায় এমন একটা সুযোগ পেয়ে মোড় ঘুরে গিয়েছিল মেসির জীবনের। নানকুফিলের জন্য কী অপেক্ষা করছে? ওয়েবসাইট।