মেসির পায়ে বুট পরানোর স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ যেন দুই কোরিয়ার সৌহার্দ্যের এক দারুণ নিদর্শন। চিরশত্রু দুই কোরিয়ার এই মিলনমেলার ক্ষেত্র চীনের ড্যানডং শহর। এ শহরেই দক্ষিণ কোরিয়ার পুঁজি আর উত্তর কোরিয়ার সস্তা শ্রমে গড়ে উঠেছে ফুটবল বুট তৈরির কারখানা। এই কারখানা স্বপ্ন দেখে তাদের তৈরি ফুটবল বুট একদিন অ্যাডিডাস ও নাইকির মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে লড়াই করে জায়গা করে নেবে। তাদের তৈরি বুট একদিন পায়ে দেবেন বিশ্বের সেরা খেলোয়াড়েরা। লিওনেল মেসি তাদের তৈরি বুট পরে একের পর এক গড়ে তুলবেন ইতিহাস।ব্যস্ত ড্যানডং শহরের পাশে অবস্থিত এক ছোট্ট গ্রামে গড়ে উঠেছে এই কারখানা। সম্পূর্ণ দক্ষিণ কোরীয় অর্থায়নে তৈরি এই কারখানায় কাজ করছেন প্রায় ২০ জন উত্তর কোরীয় শ্রমিক। তাঁরা কাজ করছেন তাঁদেরই স্বদেশি কর্মকর্তাদের অধীনে। ড্যানডংয়ের ওই ছোট্ট গ্রামটি যেন হয়ে উঠেছে ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধের পর আলাদা হয়ে যাওয়া দুই কোরিয়ার মধ্যে এক সেতুবন্ধন। একঘরে হয়ে থাকা কড়া সমাজতন্ত্রী উত্তর কোরিয়ার জনগণের সঙ্গে দক্ষিণ কোরিয়ার জনগণের মিলনের এক সুদৃশ্য মঞ্চ।উত্তর কোরিয়ার প্রায় ২০ জন শ্রমিক প্রতিদিন আট ঘণ্টা পরিশ্রম করে তৈরি করছেন ফুটবল খেলার বুট। এ কারখানাটি গত জুলাই মাসে পুরোদমে চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত উত্পাদন করেছে প্রায় ১০ হাজার জোড়া ফুটবল বুট। এর বেশির ভাগের গন্তব্যস্থল অবশ্য দক্ষিণ কোরিয়া; তবে উত্তর কোরিয়ায়ও প্রতি মাসে এই কারখানার ১০০ জোড়া বুট শোভা পাচ্ছে বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিক্রির দোকানগুলোতে।ফুটবল বুট তৈরির জন্য অত্যাধুনিক যন্ত্র থাকলেও এতে হাতের স্পর্শেরও প্রয়োজন হয়। অনেক সময় হাতে সেলাই করে তৈরি বুট পরে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন অনেক খেলোয়াড়। তাই ড্যানডংয়ে প্রস্তুত করা ফুটবল বুটও হাতে সেলাই করা হয়। উত্তর কোরিয়ার শ্রমিকেরা সেলাই করা বুট পরে ফুটবল খেলে পরীক্ষা করে দেখেন যে সত্যি এই বুটগুলো আরামদায়ক হয়েছে কি না।১৯৫৩ সালের কোরীয় যুদ্ধের পর আলদা হয়ে যাওয়া দুই কোরিয়ার অর্থনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ধনী দক্ষিণ কোরিয়া এ মুহূর্তে বিশ্বের অন্যতম শিল্পসমৃদ্ধ রাষ্ট্র। পুরোপুরি শিল্পোন্নত দেশ হওয়ার অপেক্ষায় থাকা এই দক্ষিণ কোরীয় ব্যবসায়ীদের হাতে রয়েছে নতুন নতুন শিল্প গড়ে তোলার পর্যাপ্ত পুঁজি। অন্যদিকে কড়া সমাজতন্ত্রী শাসনে একলা চলো নীতির উত্তর কোরিয়া এখনো নিজের জনগণের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে পারেনি। উপরন্তু বড় বড় শক্তির সঙ্গে বিরোধে জড়িয়ে উত্তর কোরিয়া এখন বিশ্বে একদমই একঘরে। অর্থনৈতিক অবরোধের কারণে উত্তর কোরিয়ার রয়েছে ব্যাপক বৈদেশিক মুদ্রার সংকট। তাই বর্তমানে উত্তর কোরিয়ার প্রায় ৬০ থেকে ৭০ হাজার শ্রমিক জীবিকার অন্বেষণে প্রবাসী জীবন যাপন করছেন। তাঁদের পরিশ্রমলব্ধ অর্থ দেশে পাঠিয়ে স্বদেশভূমির অর্থনীতিকে রাখছেন সচল।চীনের ড্যানডংয়ে অবস্থিত এই ফুটবল বুট তৈরির কারখানার শ্রমিকেরা উত্তর কোরিয়ার বিখ্যাত ফুটবল ক্লাব এপ্রিল ২৫-এ একসময় ফুটবল খেলতেন। আশির দশকে উত্তর কোরিয়ার এ ক্লাবটি এশীয় পর্যায়ের বিভিন্ন ক্লাব প্রতিযোগিতায় সুনামের সঙ্গে অংশগ্রহণ করে এশিয়ার অন্যতম শক্তিধর ক্লাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল। উল্লেখ্য, উত্তর কোরিয়ার সেনাবাহিনী পরিচালিত এই ফুটবল ক্লাবটিকে ১৯৮৮ সালে এশিয়ান ক্লাব কাপ ফুটবলে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশের অন্যতম সেরা ক্লাব ঢাকা মোহামেডান। ১৯৯১ সালে এই এপ্রিল ২৫ ক্লাব এশিয়ান ক্লাব কাপ ফুটবলে অংশ নিতে ঢাকায় এলে সেবার মোহামেডান তাদের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। যা-ই হোক, ড্যানডংয়ের কারখানায় কর্মরত শ্রমিকেরা কাজ করে যাচ্ছেন সর্বোচ্চ সুযোগ-সুবিধার বিনিময়ে। সে কারণে সাইবেরিয়া, রাশিয়া, মালয়েশিয়া কিংবা মধ্যপ্রাচ্যের কঠিন সংগ্রামী জীবন যাপন করা উত্তর কোরীয় শ্রমিকদের তুলনায় তাঁরা ভালো আছেন। একজন উত্তর কোরীয় কর্মকর্তা জানান, এ কারখানার শ্রমিকেরা প্রতি মাসে ২০০ মার্কিন ডলারের সমমূল্যের অর্থ পারিশ্রমিক হিসেবে পান। সেখান থেকে নিজেদের জন্য রেখেও মোটামুটি ভালো অঙ্ক তাঁরা দেশে পাঠাচ্ছেন প্রতি মাসে। ড্যানডং শহরটি উত্তর কোরিয়া সীমান্তের কাছাকাছি হওয়ায় শ্রমিকদের আনন্দের যেন শেষ নেই। তাঁরা প্রতি সপ্তাহেই সীমান্ত অতিক্রম করে আত্মীয় ও পরিজনদের সঙ্গে দেখা করেন। চীন থেকে কেনা বিভিন্ন উপহারসামগ্রীও তাঁরা তুলে দিতে পারেন তাঁদের প্রিয়জনদের হাতে।একনায়ক শাসকের অধীনে উত্তর কোরিয়ার মানুষের জীবন যাপন খুব কষ্টেও, বিশেষ করে আধুনিক যুগে এই উত্তর কোরিয়া এখনো মোবাইল ফোন, ইন্টারনেটসহ অনেক আধুনিক সুযোগ-সুবিধার বাইরে। এসব কারণে এই বদ্ধদশা থেকে মুক্তি পেতে অনেক উত্তর কোরীয়ই বিদেশে গিয়ে আর ফিরতে চান না। কিন্তু এ ক্ষেত্রে উত্তর কোরিয়া সরকার কোনো শ্রমিক বিদেশে গেলেই তাঁর পরিবারকে গ্যারান্টার হিসেবে রাখে। শ্রমিকদের তাঁদের পরিবারকে রীতিমতো বন্ধক রেখেই বিদেশে যেতে হয় এই শর্তে যে তাঁরা একটা সময় দেশে ফিরে আসবেন। এত কিছুর জটিলতায় যে দেশের সরকার তার জনগণকে আটকে রাখতে চায়, সেই দেশের সরকার তার জনগণকে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য দিতে আজ পুরোপুরি ব্যর্থ।অনেক কষ্টের জীবন এই ড্যানডংয়ের উত্তর কোরীয় শ্রমিকদের। একটু স্বাচ্ছন্দ্য আর মুক্তির আশায় দক্ষিণ কোরীয় পুঁজির অধীনে তাঁদের কাজ করতে আসা। তার পরও এই শ্রমিকদের চোখ থেকে হারিয়ে যায়নি স্বপ্ন। তাঁরা স্বপ্ন দেখেন, এই বুট কারখানাটি একদিন ক্রীড়াসামগ্রী তৈরির বাজারে আলোড়ন তুলবে গুণগত মান দিয়েই। তাঁরা স্বপ্ন দেখেন হয়তো একদিন জগত্খ্যাত লিওনেল মেসি এই কারখানা পরিদর্শনে এসে এক জোড়া বুট পায়ে দেবেন। এই কারখানা থেকে বুট নিয়ে পরে মাঠে নেমে তিনি গড়ে যাবেন সব ইতিহাস। এই স্বপ্ন বুকে নিয়েই সবকিছু জয় করতে চান উত্তর কোরিয়ার অসম্ভব পরিশ্রমী এই শ্রমিকেরা। রয়টার্স অবলম্বনে।