মেসির পেছনে ছুটছেন হিগুয়েইন
লিওনেল মেসি বনাম গঞ্জালো হিগুয়েইন। এটা কী হয়? কোথায় লিওনেল মেসি আর কোথায় হিগুয়েইন! মেসি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়, ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে হরহামেশাই তুলনা হয় তাঁর। আর হিগুয়েইন উঠতি তারকাদের দলে, আর্জেন্টিনা দলে এখনো নিয়মিত নন। এর পরও দুজনের একটা লড়াই চলছে। স্প্যানিশ লিগে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের শিরোপা লড়াইয়ের আড়ালে দুই দলের দুই আর্জেন্টাইন তারকার লড়াই চলছে সর্বোচ্চ গোলদাতা হওয়ার। ২৫ গোল নিয়ে আপাতত মেসিই এগিয়ে লড়াইয়ে। পরশু এক গোল করে হিগুয়েইন তাঁর গোলসংখ্যা নিয়ে গেছেন ২৩-এ। তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানেই তাঁদের নাম। পরশু হিগুয়েইন যে গোলটি করেছেন, সেটি তাঁকে শুধু সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসির আরও কাছাকাছিই নিয়ে যায়নি, জিতিয়েছে তাঁর দলকেও। নগর-প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে প্রথমে পিছিয়েই পড়েছিল রিয়াল মাদ্রিদ। রেইয়েসের ১০ মিনিটের গোলটি প্রথমার্ধে শোধ দিতে পারেনি তারা। ৪৯ মিনিটে জাভি আলোনসো গোলটি শোধ করার পর ৫৫ মিনিটে আরবেলোয়া রিয়ালকে এগিয়ে দেন। ৬২ মিনিটে ব্যবধান বাড়ান হিগুয়েইন। জাভি আলোনসোর হ্যান্ডবল থেকে পাওয়া পেনাল্টি থেকে গোল করে ডিয়েগো ফোরলান ব্যবধানই শুধু কমিয়েছেন, রিয়ালের পয়েন্ট আর কেড়ে নিতে পারেননি।চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে রিয়ালের পেছনে ফেলেছে শুধু গোল-পার্থক্যে। ২৯ ম্যাচে দুই দলেরই পয়েন্ট ৭৪। ৮১ গোল করেছে রিয়াল, খেয়েছে ২৬ গোল। আর বার্সেলোনার সপক্ষে গোল ৭১, বিপক্ষে ১৮।অ্যাটলেটিকোর বিপক্ষে জিততে না পারলেই প্রথম স্থান থেকে ছিটকে পড়ত রিয়াল। নিজেদের করণীয় ঠিকঠাকভাবেই করেছে তারা। তবে সিরি ‘আ’তে এসি মিলান তা পারেনি। রোমা ইন্টার মিলানকে হারিয়ে দেওয়ায় মিলানের বড় সুযোগ এসেছিল শিরোপা লড়াইয়ে ইন্টারের ঘাড়ে নিঃশ্বাস ফেলার, যেটা এখন রোমা ফেলছে। আর লািসওর সঙ্গে ড্র করে তৃতীয় স্থানেই পড়ে রইল মিলান। বরিয়েল্লোর ১৯ মিনিটের গোলে অবশ্য এগিয়ে গিয়েছিল মিলানই। লিখটস্টেইনারের গোলে সমতায় ফেরে লািসও। ৩১ ম্যাচ শেষে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার, রোমার পয়েন্ট ৬২, মিলানের ৬০। দেল পিয়েরো ও ফেলিপ মেলোর গোলে আটালান্টাকে ২-১ গোলে হারিয়ে ৪৮ পয়েন্ট নিয়ে জুভেন্টাস আছে ষষ্ঠ স্থানে।ইংলিশ প্রিমিয়ার লিগে ফার্নান্দো তোরেসের জোড়া গোলে সান্ডারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। অন্য গোলটি জনসনের। এর পরও অবশ্য ৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম দল ‘অল রেড’রা। শীর্ষ চারে থেকে লিগ শেষ করার লড়াইয়েও পিছিয়ে আছে তারা। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে টটেনহাম। ৩০ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ম্যানচেস্টার সিটি। এএফপি।