মেসির পেছনে ভেরন
আর্জেন্টিনার সাফল্যের প্রাণভোমরা নাকি লুকিয়ে আছে মেসি-ভেরন জুটির বোঝাপড়ার ওপর। ‘বার্সেলোনার মেসি’কে ‘আর্জেন্টিনার মেসি’ বানিয়ে তুলতে দরকার পেছনে জাভির মতো কাউকে। ডিয়েগো ম্যারাডোনা তো সেই কবেই বলে দিয়েছেন, ‘ভেরনই আমার জাভি।’মাঠে তো বটেই, মাঠের বাইরেও মেসি আর হুয়ান সেবাস্তিয়ান ভেরনের মধ্যে বোঝাপড়াটা জরুরি। দুজনকেই বুঝতে হবে দুজনের চোখের ভাষা। আগে থেকেই আঁচ করে নিতে হবে, এরপর কী হতে যাচ্ছে। কোচ ম্যারাডোনা তাই ভালো বুদ্ধি বের করেছেন। প্রিটোরিয়ার বেস ক্যাম্পে ২২ বছর বয়সী মেসি আর ৩৫ বছর বয়সী ভেরন থাকছেন একই কক্ষে।পরশু প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনেও হাজির হলেন তাঁরা জুটি বেঁধে। মেসি ঘোষণার সুরেই বললেন, এই মুহূর্তে বিশ্বের সেরা দল আর্জেন্টিনাই, ‘আপনি যদি খেলোয়াড় ধরে ধরে হিসাব করেন, আমাদের চেয়ে ভালো দল খুঁজে পাওয়া মুশকিল।’ আর ভেরন বললেন, ‘আমাদের দলটা প্রায় তৈরিই। ট্যাকটিকাল দিকগুলো নিয়েই আমরা কাজ করছি। কয়েক দিনের মধ্যেই কোচ তাঁর পরিকল্পনা চূড়ান্ত করে ফেলবেন।’তা কেমন চলছে দুজনের ‘সংসার’? ভেরন জানালেন, সবই ঠিক আছে, সমস্যা কেবল এক জায়গায়, ‘ও (মেসি) তো রুমমেট হিসেবে খুবই ভালো। শুধু একটাই সমস্যা, ওর বড্ড নাক ডাকে। অবশ্য সমস্যার সমাধানও আছে—বালিশ!’ঠাট্টা-তামাশা শেষেই আবার সিরিয়াস হলেন ভেরন। জানালেন মেসি-জাদু দেখার জন্য কেমন অধীর হয়ে আছেন তিনি, ‘আশা করি ওর ফর্মটা (এই মৌসুমে বার্সার হয়ে ৫৩ ম্যাচে ৪৭ গোল) যেন অব্যাহত থাকে। আমাদের জাতীয় দলের খুবই গুরুত্বপূর্ণ অংশ সে-ই। সব মিলে অনুশীলনে ওকে বেশ দারুণই দেখাচ্ছে।’মেসি হয়তো বিনয় দেখাতেই প্রতিবাদ করলেন। বললেন, দল হয়ে ওঠাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ‘আমি মাথা ঠান্ডাই রাখছি। বিশ্বকাপ শুরুর জন্য উন্মুখ হয়ে আছি। তবে জাতীয় দলে তো শুধু আমি একা নই, অসাধারণ সব খেলোয়াড় আছে।’তার পরও শুধু আর্জেন্টিনা দল বলে নয়, এবার বিশ্বকাপে সবচেয়ে বেশি চোখ থাকবে তাঁর ওপরই। সারা বিশ্বের কোটি কোটি মানুষ তাকিয়ে থাকবে মেসি-জাদু দেখার জন্য। এটি কি তাঁর জন্য চাপ নয়? ‘চাপ’ শব্দটার সঙ্গে আশৈশব পরিচিত মেসি আগেই জানিয়েছেন, এসব নিয়ে মাথা তিনি ভারী করছেন না। আবারও জানালেন, ‘আমি বিশ্বকাপে দারুণ ফর্ম নিয়েই এসেছি। আমি তাই নির্ভার থাকছি। সতীর্থদের সমর্থনও আমার পাশে আছে। আমাদের একটাই ঘাটতি ছিল, সবার এক হয়ে ওঠা। এখন আমরা সবাই একে অন্যকে বুঝতে পারছি। এখন সেই বোঝাপড়াটা যেহেতু আছে, সেটার সর্বোচ্চ সদ্ব্যবহার আমাদের করতে হবে।’বয়স মাত্র ২২ হলেও মেসির এটি দ্বিতীয় বিশ্বকাপ। গতবারের অভিজ্ঞতা অবশ্য তাঁকে শিখিয়েছে, শুধু ভালো খেলোয়াড় আর ভালো খেলাটাই যথেষ্ট নয়। ভাগ্যের পরশও লাগে শিরোপা জিততে। গতবার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে বিদায় নেওয়া ম্যাচটা সাইড বেঞ্চে বসে দেখা মেসি এবার বলছেন, ‘প্রত্যেক বিশ্ব চ্যাম্পিয়ন কিংবা অন্য যেকোনো টুর্নামেন্টের চ্যাম্পিয়নই কোনো না কোনোভাবে, কোনো না কোনো পর্যায়ে ভাগ্যের ছোঁয়া পায়। ২০০৬ সালেও আর্জেন্টিনা ছিল সেরা দল। কিন্তু শেষ পর্যন্ত পেনাল্টিতে জার্মানির কাছে হেরে গেলাম আমরা। এ কারণেই কিছু কিছু মুহূর্তে ভাগ্যকে পাশে পেতে হয়।’কিন্তু ইতিহাস তো এমনও কিছু বীরের উদাহরণ দেয়, ভাগ্যের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা ছিল যাঁদের। মেসির মধ্যে সেই ছায়া দেখছেন ব্রাজিলীয় কিংবদন্তি কার্লোস আলবার্তো। ব্রাজিলে ‘ক্যাপ্টেন’ নামে পরিচিত ১৯৭০ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘টুর্নামেন্টের এক নম্বর খেলোয়াড় হয়ে ওঠার সব গুণই আছে ওর মধ্যে।’ রয়টার্স, বিবিসি, ওয়েবসাইট।