মেসির প্রতি পক্ষপাতিত্ব করে ফিফা!

ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য সেপ ব্ল্যাটার ক্ষমা চেয়ে নিয়েছেন। ফিফা প্রেসিডেন্ট এটাও জানিয়েছেন, আসছে জানুয়ারিতে ব্যালন ডি’অর পুরস্কার প্রদান অনুষ্ঠানে পর্তুগিজ উইঙ্গারের সঙ্গে কথা বলবেন তিনি। এর পরও উঠে আসছে পুরোনো প্রসঙ্গটা। রিয়াল মাদ্রিদ ও পর্তুগাল জাতীয় দলে রোনালদোর সতীর্থ পেপে অভিযোগ করেছেন, লিওনেল মেসির প্রতি সব সময় পক্ষপাতিত্ব করে ফিফা। রোনালদোকে নিয়ে ব্ল্যাটারের সাম্প্রতিক মন্তব্যই এর জ্বলন্ত উদাহরণ।
টানা চারবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় মেসি। সর্বশেষ চারটি পুরস্কারই জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা। অন্যদিকে রোনালদো জিতেছেন কেবল একবার (২০০৮ সালে)। মেসির প্রতি ফিফা পক্ষপাতিত্ব না করলে রোনালদো আরও বেশিবার জিততেন বলে বিশ্বাস পেপের।
এই ডিফেন্ডার সাংবাদিকদের সবকিছু খতিয়ে দেখার পরামর্শও দিয়েছেন, ‘শুরু থেকে রোনালদো যে পরিমাণ ধারাবাহিক, গত সাত-আট বছরে ওর মাত্র একটি ব্যালন ডি’অর জেতাটা অস্বাভাবিক। ফুটবলে অনেক কিছুই ঘটে। এখন আপনাদের (সাংবাদিকদের) সেগুলো দেখাতে হবে। রোনালদোকে নিয়ে যা হচ্ছে, তা অন্যায়। আশা করছি, এবার সে ব্যালন ডি’অর জিতবে। তবে ব্ল্যাটারের মন্তব্য অনেকেরই চোখ খুলে দিয়েছে।’
ক্রিকেট, ফুটবল, টেনিস, গলফসহ যেকোনো খেলার আপডেট ও খবর পেতে আপনার মোবাইল থেকে S লিখে এসএমএস করুন ২২২১ নম্বরে।