মেসির প্রভাবে সেমির টিকিট বার্সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসির অনুপস্থিতিটাই প্রতিফলিত হচ্ছিল বার্সেলোনার খেলায়। দলকে অনুপ্রাণিত করার জন্য তিনি মাঠে নামলেন, সে কারণেই কিনা ৫০ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়া বার্সা সমতায় ফিরল। আর সমতায় ফিরেই কাতালানরা নিশ্চিত করল চ্যাম্পিয়নস লিগের আরও একটি সেমিফাইনাল। গত সপ্তাহে প্যারিসে এই দুই দলের মধ্যকার প্রথম লেগের খেলাটি ২-২ গোলে ড্র হয়েছিল। প্রতিপক্ষের মাটিতে বেশি গোল করতে না পারায় কোয়ার্টার ফাইনালে না হেরেও হোম-অ্যাওয়ে গোল ব্যবধানে সেমির টিকিটটা হাতে পেল না জ্লাতান ইব্রাহিমোভিচ ও ডেভিড বেকহ্যামের প্যারিস সেন্ট জার্মেই।খেলা শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে মাঠে নামার ছাড়পত্র মিলেছিল মেসির। তবে কোচ টিটো ভিলানোভা মেসিকে ছাড়াই মাঠে দল নামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু মেসিবিহীন বার্সেলোনা ম্যাচের শুরু থেকেই ছিল কিছুটা এলোমেলো। সেই সুযোগে প্রথম থেকেই আক্রমণ ঝাঁপাতে থাকে পিএসজি। চার মিনিটের সময় ইজেকুয়েইল লাভেজ্জি সার্জিও বুসকটসের ভুলে পিএসজিকে এগিয়ে দেওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছিলেন। কিন্তু নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সে সুযোগ নষ্ট করেন। ২৪ মিনিটে জ্লাতান ইব্রাহিমোভিচের বাড়ানো একটি বলে লাভেজ্জির নেওয়া আরও একটি শট রক্ষা করেন গোলরক্ষক ভালদেস। এর আগে অবশ্য লুকাসের হেড বার্সেলোনার পোস্টের ওপর দিয়ে চলে যায়।আগেই বলা হয়েছে, মেসিবিহীন বার্সেলোনার খেলা কাল ছিল এলোমেলো। স্পেনের জাতীয় ফুটবল দলের নয়জন ফুটবলারের সমাবেশ যে দলটিতে ঘটেছে, সেই দলের খেলায় কাল খুনে মনোভাবের অভাব ছিল যথেষ্টই। পাশাপাশি যোগ হয়েছিল ভুল পাস আর আক্রমণে খেই হারানোর বাতিক। পুরো খেলায় প্রথমদিকে জাভির একটি ফ্রি-কিক আর পেদ্রোর একটি শট পার্শ্বজাল স্পর্শ করা ছাড়া বার্সার আক্রমণ পিএসজির রক্ষণে কোনো প্রভাব তৈরি করতে পারেনি।খেলার ৫০ মিনিটে হাভিয়ের পাস্তোরের গোলে ম্যাচে ১-০ গোলে এগিয়ে যায় পিএসজি। একটি প্রতি-আক্রমণ থেকে খুব দ্রুতই বল ধরে বার্সার সীমানায় প্রবেশ করেন ইব্রাহিমোভিচ ও লুকাস। ইব্রাহিমোভিচ বল পাস্তোরের দিকে বাড়ালে পাস্তোর দারুণ দক্ষতায় তা জালে জড়িয়ে দেন।এর একটু পরেই অবশ্য পাস্তোর আরও একটি গোলের সুযোগ নষ্ট করেন। ইব্রাহিমোভিচের নিচু করে বাড়ানো ক্রস থেকে বল ধরেও গোলে শট নিতে পারেননি পাস্তোর। খেলার ৬২ মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। মেসির উপস্থিতি যথেষ্টই অনুপ্রাণিত করে ছন্নছাড়া বার্সেলোনাকে। ৭১ মিনিটে মেসিরই তৈরি করা একটি আক্রমণ থেকে বল পেদ্রোর দিকে বাড়ান ডেভিড ভিয়া। প্রায় ১৮ গজ দূর থেকে পেদ্রো দারুণ এক শটে পিএসজির জালে বল জড়ান।সমতায় ফেরার পর সুযোগ পেয়েছিলেন আন্দ্রেস ইনিয়েস্তাও। কিন্তু তাঁর শট লক্ষ্য খুঁজে নিতে ব্যর্থ হয়।ম্যাচ শেষে বার্সাকে সেমিতে তোলা গোলের কারিগর পেদ্রো অকপটে স্বীকার করেছেন মেসির প্রভাব। ‘এই ম্যাচের জন্য মেসি গত একটা সপ্তাহ খুব কষ্ট করেছে। মাঠে নেমে সে তার মতো করে প্রভাব তৈরি করেছে।’ তিনি আরও বলেন, ‘মেসি মাঠে নামার পর আমরা তাঁর উপস্থিতি টের পেয়েছি। সে আমাদের পারফরম্যান্স বদলে দিয়েছে। আমরা সেই ফল পেয়েছি।’ রয়টার্স।