মেসির প্রশংসায় আর্জেন্টাইন মিডিয়া
প্রথম দুই ম্যাচে কাঁপতে কাঁপতে ড্র করা আর্জেন্টিনা পুরোপুরি বদলে গিয়েছিল তৃতীয় ম্যাচে। বদলে গেছে আর্জেন্টাইন গণমাধ্যমের সুরও। এক দিন আগেও যাঁর মুণ্ডপাত চলছিল, গণমাধ্যম এখন সেই লিওনেল মেসির প্রশংসায়ও পঞ্চমুখ।বলিভিয়া ও কলম্বিয়ার বিপক্ষে মেসি ছিলেন নিষ্প্রভ। সমালোচকদের সঙ্গে গণমাধ্যমের তোপটাও তাই গেছে মেসির ওপর দিয়েই। কোস্টারিকার বিপক্ষে ‘জীবনমরণ’ লড়াইয়ে ৩-০ গোলে জিতে শঙ্কার জাল ছিঁড়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আর এই জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেসি। দেশটির গণমাধ্যমের প্রশংসার কেন্দ্রেও তাই মেসি।দেশটির জনপ্রিয় দৈনিক ক্লারিন যেমন ‘প্রত্যাশাটা এ রকমই’ শিরোনামে লিখেছে, ‘দলকে নেতৃত্ব দিলেন কর্তৃত্বপরায়ণ মেসি।’ পত্রিকাটি মেসিকে উল্লেখ করেছে দলের চাবিকাঠি হিসেবে, ‘তিনি কোস্টারিকানদের পুরো মাত্রায় শাসন করেছেন, তারা একেবারেই তাঁকে থামাতে পারেনি।’দেশটির আরেক দৈনিক লা ন্যাসিওন-এর ভাষায়, ‘সকল শৃঙ্খল আর্জেন্টিনা ছিঁড়ে ফেলেছে’। পত্রিকাটি লিখেছে, ‘তারা এমন একজন খেলোয়াড়ের দিকে তাকিয়ে ছিল যে নেতৃত্ব দিয়ে তাদের পথ দেখাবে এবং মাঠে কর্তৃত্ব করে তাদের মধ্যে আস্থার আলো এনে দেবে। দলের মধ্যে দলগত একটা প্রচেষ্টা তৈরি করবে, যেটা আগে ছিল না।’ পত্রিকাটি ডিফেন্সিভ মিডফিল্ডার ফার্দান্দো গ্যাগোরও প্রশংসা করে লিখেছে, মেসির জন্য প্ল্যাটফর্মটা ‘চৌকস’ গ্যাগোই তৈরি করে দিয়েছেন। কোস্টারিকার বিপক্ষে ৩ গোলের দুটিই করেছেন সার্জিও আগুয়েরো। ক্রীড়া দৈনিক ওলে মেসির সঙ্গে আগুয়েরোর প্রশংসা করে লিখেছে, ‘দল আবার সাধারণ মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলল।’মেসির প্রশংসায় আর্জেন্টাইন গণমাধ্যমকেও যেন ছাপিয়ে গেছে হেরে যাওয়া কোস্টারিকার গণমাধ্যম। দেশটির অন্যতম দৈনিক দিয়ারিও এক্সট্রার ভাষ্য, মেসি ছিল স্রেফ দুর্দান্ত। মেসির পায়ে বল, পেছনে হতবুদ্ধি হয়ে যাওয়া চার কোস্টারিকান খেলোয়াড়—পত্রিকাটি বার্সেলোনা তারকার এ রকম একটা ছবি ছেপে লিখেছে, ‘বেশ, তাহলে তুমি মেসির সঙ্গে খেলতে চাও?’ একই রকম ছবি ছেপে আল দিয়া লিখেছে, ‘লা পালগা (মেসির ডাকনাম) আমাদের একদম বাজে বানিয়ে ছেড়েছে।’ এএফপি।