মেসির প্রেরণা গার্সিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে কোটি কোটি চোখ তাকিয়ে থাকে তাঁর পায়ের দিকে। কোটি কোটি কিশোর-তরুণের তিনি আদর্শ, হিরো, রোল মডেল; অনুপ্রেরণার অন্তহীন উৎস। কিন্তু সেই লিওনেল মেসিকেও তো অনুপ্রেরণা খুঁজে নিতে হয়। নিরন্তর নিজেকে এক ধাপ থেকে অন্য ধাপে এগিয়ে নিতে অনুপ্রেরণাই তো আসল জ্বালানি। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের আগে বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকরের কাছে সেই প্রেরণার প্রদীপ নিয়ে এসেছেন আলফনসো গার্সিয়া।২২ বছর বয়সী এই তরুণ ‘সারকোমা’ নামের দুরারোগ্য ক্যানসারের সঙ্গে লড়াই করে টিকে আছেন। জটিল সেই রোগ নিয়ত তাঁর শরীরের প্রাণশক্তি শুষে নিচ্ছে। কিন্তু গার্সিয়া হাল ছাড়তে নারাজ। জীবনের শেষ সেকেন্ডটাও উপভোগ করে যেতে চান। স্প্যানিশ লিগে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে বার্সেলোনার খেলা গ্যালারিতে বসে দেখেছেন গার্সিয়া। ম্যাচ শেষে দেখা হয়েছে তাঁর নায়ক মেসির সঙ্গে। শুধু মেসি নন, এ সময় বার্সার মহাতারকারা সবাই এসে শুভকামনা জানিয়ে গেছেন এই তরুণকে। বড় মাপের এই তারকাদের মাটির মানুষের এ রূপটি দেখে গার্সিয়া রীতিমতো অভিভূত, ‘সবাই মানুষ হিসেবে দুর্দান্ত। কার্লোস পুয়োলের সঙ্গে কথা বললাম। আইসাক কুয়েঙ্কার সঙ্গেও। তাঁরা আমাকে শুভকামনা জানিয়েছেন। আশা প্রকাশ করেছেন, আমি ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাব, সেরে উঠব দ্রুত। আমিও ওঁদের বলেছি, হ্যাঁ, আমি লড়াই করব, কারণ আমি বেঁচে থাকতে চাই।’বলা বাহুল্য, গার্সিয়াকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছেন মেসিই। ওই সময় মেসি ম্যাচ-পরবর্তী স্নানের প্রস্তুতি নিচ্ছিলেন। এই তরুণ ড্রেসিংরুমে এসেছেন শোনার পর স্নানের পোশাক নিয়েই দেখা করতে এসেছেন! ‘লিও স্নানের পোশাক পরেই এসেছিল। আমাকে দুবার পরম ভালোবাসায় জড়িয়েও ধরল। মেসির সঙ্গে দেখা হওয়ায় যেন আমার স্বপ্ন পূরণ হলো!’ ওয়েবসাইট।