মেসির ফর্মহীনতা সাময়িক : ফ্যাব্রিগাস
কয়েক দিন ধরে বার্সেলোনার হয়ে ফর্মটা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। গোলও পাননি সর্বশেষ কয়েকটি ম্যাচে। ব্যাপারটি এ মুহূর্তে বিশ্বের তাবত্ ক্রীড়া মিডিয়ার সংবাদে পরিণত হলেও এ নিয়ে ভাবতে রাজি নন তাঁরই বার্সা সতীর্থ সেস ফ্যাব্রিগাস। মেসির ফর্মহীনতা সাময়িক এবং ফ্যাব্রিগাসের দৃঢ় বিশ্বাস অচিরেই নিজেকে আবার ফিরে পাবেন ইউরোপের বর্ষসেরা এই আর্জেন্টাইন প্লে-মেকার।ফ্যাব্রিগাস প্রচণ্ড বিরক্ত কিছু পত্র-পত্রিকার সংবাদের ভাষায়। ওগুলোতে নাকি বার্সার প্রতি মেসির কমিটমেন্ট নিয়েও প্রশ্ন উঠে গেছে। অথচ মেসি গোল পাননি ভিক্টোরিয়া, সেভিলে ও গ্রানাডার বিপক্ষে—মাত্র তিনটি ম্যাচে।এ ব্যাপারে বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে ফ্যাব্রিগাস বলেছেন, ‘মেসির মতো বিনয়ী ফুটবলার আর হয় না। সে ক্লাবের প্রতি প্রচণ্ড অনুরক্ত ও তাঁর কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলা খুবই অন্যায়। এর চেয়ে বেশি কিছু বলার নেই আমার।’‘মেসি আমার বয়সী। সে এই জীবনে সবই পেয়ে গেছে। কেবল বিশ্বকাপ ছাড়া। ফুটবলার হিসেবে তাঁর রেকর্ড অসাধারণ। ফ্যাব্রিগাসের মন্তব্য।‘মেসি তো প্রায় সব ম্যাচেই নিজে গোল করে এবং অন্যকে দিয়ে করায়। যদি মেসির কমিটমেন্ট নিয়ে কেউ প্রশ্ন তোলে তাহলে তারা বার্সেলোনার অন্য খেলোয়াড়দের নিয়ে কী ভাবে—সেটা আমি চিন্তাও করতে পারছি না।’ স্পষ্টতই বিব্রত ও বিরক্ত ফ্যাব্রিগাস। ওয়েবসাইট।