মেসির ফিফটি
বেঁচে থাকলে হয়তো সবচেয়ে খুশি হতেন ফেরেঙ্ক পুসকাস। আধা শতাব্দী ধরে টিকে থাকা পুসকাসের রেকর্ডটি যে ভেঙে দিলেন লিওনেল মেসি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১-১ ড্র ম্যাচটায় ৪৯ গোল করে পুসকাসের রেকর্ডটা ছুঁয়েছিলেন। পরশু মেসি পূর্ণ করে ফেললেন ফিফটি। স্প্যানিশ মৌসুমে ৫০ গোল করার প্রথম কীর্তি এটি। পরশু ওসাসুনার বিপক্ষে ৮৭ মিনিটে গোল করে হাঙ্গেরিয়ান কিংবদন্তিকে ছাপিয়ে যান আর্জেন্টাইন জাদুকর। মেসির সামনে এখনো কমপক্ষে সাতটি ম্যাচ খেলার সুযোগ আছে। গাণিতিক একটা সম্ভাবনা আছে ইউরোপিয়ান ফুটবলে এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার। ১৯৪৮-৪৯ মৌসুমে হাঙ্গেরিরই ফেরেঙ্ক ডিক ফেরেঙ্কভারোস ক্লাবের পক্ষে ৬৬টি গোল করেন। এভারটন তারকা ডিক্সি ডিন ১৯২৭-২৮ মৌসুমে করেছিলেন ৬৩ গোল। সাম্প্রতিক সময়ে ২০০১-০২ মৌসুমে পর্তুগালের স্পোর্টিং ক্লাবের হয়ে ৫৫ গোল করেছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার মারিও জার্ডেল। সুইডেনের হেনরিক লারসন স্কটিশ ক্লাব সেল্টিকের হয়ে ২০০০-০১ মৌসুমে করেছিলেন ৫৩ গোল। ওয়েবসাইট।