মেসির বমির নেপথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমানিয়ার বিপক্ষে বমি করলেন মেসি। তবে একে মোটেও অজুহাত মানছেন না আর্জেন্টিনা অধিনায়ক।
রোমানিয়ার বিপক্ষে বমি করলেন মেসি। তবে একে মোটেও অজুহাত মানছেন না আর্জেন্টিনা অধিনায়ক।

বুখারেস্টে পূর্ণশক্তির দল নিয়েও রোমানিয়ার বিপক্ষে আর্জেন্টিনার গোলশূন্য ড্রয়ের চেয়েও যেন বড় হয়ে উঠেছে ম্যাচের শুরুর দিকে লিওনেল মেসির বমির ঘটনা। অবশ্য ম্যাচ জিততে না পারার পেছনে শারীরিক অসুস্থতাকে অজুহাত হিসেবে মানছেন না স্বয়ং আর্জেন্টিনা অধিনায়ক। ম্যাচের পর সাফ বলেই দিয়েছেন, ‘আমি অজুহাত দেখানোটা পছন্দ করি না’। সংবাদমাধ্যম অবশ্য মেসির বমির নানা বিশ্লেষণ বের করেছে এরই মধ্যে।

আর্জেন্টিনা অধিনায়কের মাঠে বমি করার ঘটনা এটাই প্রথম নয়। এবার নিয়ে এমন ঘটনা ঘটল চারবার। প্রথমবার ঘটেছিল ২০১১ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে, স্প্যানিশ সুপার কাপের ফাইনালে। কিন্তু ওই ম্যাচে বমি-টমি তাঁর খেলায় কোনো প্রভাব ফেলেনি। ঠিকই গোল পেয়েছিলেন। দ্বিতীয়বার বমির ঘটনা বছর খানেক আগে, বলিভিয়ার বিপক্ষে। ম্যাচের প্রথমার্ধেই মেসি অসুস্থ বোধ করেছিলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ফুট উচ্চতায় অনুষ্ঠিত ম্যাচ শেষে আর্জেন্টিনার প্রাণভোমরা ডেইলি মেইলকে বলেছিলেন ভিন্ন কথা, ‘এত উচ্চতায় এখানে খেলা খুবই ভীতিপ্রদ। খুব গতিতে খেললেই সময় লাগে তাঁর ধকল কাটিয়ে উঠতে।  প্রায় সবারই কম-বেশি মাথা ঝিমঝিম করেছে। কিন্তু আমার এমন কিছু হয়নি।’  তৃতীয়বার বোমির ঘটনা ঘটে প্রায় ছয় মাস আগে, লেভান্তের বিপক্ষে। সে ম্যাচে বার্সা জিতেছিল ৭-০ ব্যবধানে, মেসি করেছিলেন জোড়া গোল।

রোমানিয়ার বিপক্ষে মেসির বমির ঘটনা প্রসঙ্গে আর্জেন্টিনা কোচ আলেসান্দ্রো সাবেলা ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অল্প পরিমাণ পানি খুব দ্রুত খেয়েই খেলায় নেমে পড়ে মেসি, আর তারই প্রভাব হয়তো পড়েছে। আরেকটি যৌক্তিক ব্যাখ্যা পাওয়া গেছে, পেশাদার ফুটবলে খেলোয়াড়দের বিশ্রামের সুযোগ সামান্যই। বিরামহীন এ ব্যস্ত সূচির নেতিবাচক প্রভাব পড়ে খেলোয়াড়দের শরীরে। এ কারণে সাম্প্রতিক সময়ে কয়েকবার ইনজুরিতে পড়েছেন মেসি। ফলে হজমের অসুখের পেছনে টানা ম্যাচের ধকলকে দায়ী করা যেতেই পারে। ওয়েবসাইট।