মেসির বলার কিছুই নেই
সত্যিই যদি বেতন-ভাতা নিয়ে অসন্তুষ্ট হন ক্রিস্টিয়ানো রোনালদো, মন তো তাঁরও খারাপ হওয়া উচিত। শীর্ষ পারিশ্রমিক পাওয়া ১০ ফুটবলারের যে তালিকা দিয়েছে মার্কা, তাতে তাঁর অবস্থান তো নয়ে! রোনালদোর সাম্প্রতিক ঝড় তোলা মন্তব্য নিয়ে লিওনেল মেসির প্রতিক্রিয়া কী?বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে ক্লাব থেকে ছুটি নিয়ে মেসি এখন আর্জেন্টিনায়। গত মঙ্গলবার বুয়েনস এইরেসে দলের সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন রোনালদো প্রসঙ্গে। এ নিয়ে মন্তব্য করা তাঁর শোভা পায় না বলে পাশ কাটিয়ে গেলেন আর্জেন্টিনা অধিনায়ক। এবং খানিকটা বিরক্তও মনে হলো তাঁকে, ‘এটা তো রোনালদো বলেছে। ও কী বলেছে, তা নিয়ে আমাকে প্রশ্ন করার কোনো কারণ দেখি না। একইভাবে আমি কী বললাম, তা নিয়ে ওকে প্রশ্ন করার তো কিছু নেই। ওর কথার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই।’সম্পর্ক না থাকলেই কি কথা বলা যাবে না? এমন দিব্যি কে দিল মেসিকে? আসলে বহুল চর্চিত ‘রোনালদো বনাম মেসি’ বিতর্কে ঘৃতাহুতি পড়তে পারে—এটা ভেবেই মেসির এই সতর্কতা। তবে আন্দ্রেস ইনিয়েস্তা কোনো কূটনৈতিক পথে হাঁটলেন না। সরাসরি বললেন, নিজের অসন্তোষের কথা মিডিয়ায় জানিয়ে এভাবে শোরগোল তোলা ঠিক হয়নি রোনালদোর, ‘কখনো কখনো আমার নিজেরও মনে হয়, আমার সঙ্গে অন্যায় হচ্ছে। কিন্তু আমার ব্যক্তিত্ব, কিংবা সতীর্থদের ও কোচের প্রতি আমার সম্মান, আমার শিক্ষা সব সময়ই আমাকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে বলে। এবং আমার এই আত্মবিশ্বাসও আছে, ভবিষ্যতে সবকিছু ঠিক হয়ে যাবে।’ইনিয়েস্তা মনে করেন, কোনো কিছু নিয়ে সমস্যা থেকে থাকলে সেটা নিজেদের মধ্যে আলাপ করে মিটিয়ে নেওয়াই ভালো। মিডিয়ায় ঘটা করে বলার কিছু নেই, ‘আমি কখনোই মনে করি না, মিডিয়ায় বোমা ফাটালাম আর পরিস্থিতি পাল্টে গেল। আপনি যদি কঠোর পরিশ্রম করেন, শেষ পর্যন্ত সেটার প্রতিদান পাবেনই। আপনার সব সময়ই সামগ্রিকভাবে ব্যাপারটা ভাবা উচিত, কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতির আলোকে নয়।’ ওয়েবসাইট।