নিজে না পান, তাতে কোনো সমস্যা নেই লিওনেল মেসির। কিন্তু ব্যালন ডি’অর ট্রফিটা যেকোনো মূল্যে ন্যু ক্যাম্পে আসে, সে প্রার্থনাই করে যাচ্ছেন তিনি। মেসির মতে, এবারের ইউরোপ-সেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে খুব শক্ত লড়িয়ে তাঁর দুই বার্সা সতীর্থ জাভি ও ইনিয়েস্তা।লিওনেল মেসি নিজেই ব্যালন ডি’অরের প্রবল দাবিদার। গত মৌসুমে তাঁর ৭৩টি গোলই তাঁকে এই পুরস্কার পাওয়ার ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে রেখেছে। কিন্তু মেসি মনে করেন, জাভি ও ইনিয়েস্তা তাঁর চেয়েও এই পুরস্কার পাওয়ার লড়াইয়ে এগিয়ে আছেন। এই এগিয়ে থাকার কারণ, ইউরো চ্যাম্পিয়নশিপে তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স।এখনো ইউরোপ-সেরা খেলোয়াড়ের পুরস্কার ঘোষণা হতে অনেক বাকি। এর দাবিদার হিসেবে মেসি, রোনালদো, জাভি, ইনিয়েস্তা, ক্যাসিয়াস, পিরলো—অনেকের নাম এলেও সেটা কার হাতে উঠবে, তা বিচারকদের হাতেই ছেড়ে দিতে চান বার্সেলোনার এই আর্জেন্টাইন সুপারস্টার। তবে এবারের ব্যালন ডি’অর ন্যু ক্যাম্পে এলে যে তিনি খুশি হবেন, সেটা বলেছেন বেশ অকপটেই।‘যে-ই ব্যালন ডি’অর জিতুক, ট্রফিটা বার্সেলোনার কোনো খেলোয়াড় পেলেই আমি সবচেয়ে খুশি হব। কারণ, ওটা ক্লাবের জন্য আরও একটি সম্মান নিয়ে আসবে।’ মেসির মন্তব্য। লিওনেল মেসি গত তিনবারের ব্যালন ডি’অর জিতেছেন পরিষ্কার ব্যবধানে। এবার ইউরোপ-সেরা হওয়ার লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বীর সংখ্যা অনেক হলেও এবারও বার্সেলোনার এই প্লে-মেকারই যে ইউরোপের সেরা হতে যাচ্ছেন—এ নিয়ে দ্বিমত নেই অনেকেরই। সদ্য সমাপ্ত ইউরোপীয় ফুটবল মৌসুমে তাঁর পারফরম্যান্সই যে মেসির সবচেয়ে বড় সমর্থক হয়ে আছে।