মেসির বাবাকে নিয়ে তদন্ত!
আয়কর নিয়ে কম ঝামেলা পোহাতে হয়নি লিওনেল মেসি ও তাঁর বাবাকে। সেই ঝামেলা মিটতে না-মিটতেই আবার নেতিবাচক কারণে শিরোনাম মেসি পরিবার। কাল কিছু স্প্যানিশ গণমাধ্যমে খবর এল মুদ্রা পাচারের মামলায় মেসির বাবা হোর্হেকে নিয়ে তদন্ত করছে স্পেনের পুলিশ। এই অর্থটা আবার মাদক চোরাকারবারিদের। তবে পুলিশের এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে মেসি কিংবা তাঁর বাবা অথবা অন্য কোনো ফুটবলারই তাদের সন্দেহের আওতায় নেই।
তবে হঠাৎ করেই কেন হোর্হে মেসির নাম এল? স্প্যানিশ পুলিশের সূত্রেই জানা গেছে মেসিকে নিয়ে চ্যারিটি ফুটবল ম্যাচের আয়োজক কলম্বিয়ান কয়েকজনকে ঘিরেই তাদের তদন্ত, ‘একটি কলম্বিয়ান কোম্পানি আছে যারা মুদ্রা পাচার করে, আবার চ্যারিটি ম্যাচেরও আয়োজন করে।’ ওই কোম্পানিই আয়োজন করেছিল ‘মেসি ও তাঁর বন্ধুদের’ ম্যাচগুলো। মেসির বাবা ছিলেন খেলোয়াড়দের প্রতিনিধি। এই ম্যাচগুলোকে মুদ্রা পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে কোম্পানিটি। প্রদর্শনী ওই ম্যাচগুলোয় খেলা কয়েকজন বার্সা ফুটবলারের বক্তব্য শুনেছে পুলিশ, তবে সূত্র জানিয়েছে তাদের কারোরই এ বিষয়ে বিন্দুমাত্র ধারণা নেই। স্প্যানিশ দৈনিক এল মুন্দো বলছে এই ফুটবলাররা হলেন মেসি, দানি আলভেস, হাভিয়ের মাচেরানো ও হোসে ম্যানুয়েল পিন্টো। এএফপি।