মেসির বিকল্প লামেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঊরুর চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি লিওনেল মেসি। এই চোটই তাঁর লা লিগা শেষ করে দিয়েছে আগেই। তার পরও বার্সেলোনা তারকাকে আর্জেন্টিনা দলে রেখেছেন কোচ আলেসান্দ্রো সাবেলা। বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য পরশু ঘোষিত দলে অবশ্য মেসির বিকল্প হিসেবে রাখা হয়েছে এএস রোমার এরিক লামেলাকে। এর আগে ২১ বছর বয়সী এই মিডফিল্ডার ২০১১ সালে জাতীয় দলের হয়ে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন।
আগামী ৭ জুন কলম্বিয়া ও ১১ জুন ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচেই ২০১৪ ব্রাজিল বিশ্বকাপটা নিশ্চিত করে ফেলতে পারে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দক্ষিণ আমেরিকা অঞ্চলে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে আর্জেন্টিনাই। এই অঞ্চল থেকে চারটি দল সরাসরি যাবে বিশ্বকাপে। এশিয়ার একটি দলের সঙ্গে প্লে-অফ জিতলে ব্রাজিলের টিকিট পাবে পঞ্চম দলটিও। এএফপি, রয়টার্স।