মেসির বিকল্প হয় না: গার্দিওলা
অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে পাওয়া চোটের কারণে দুই ম্যাচ মিস করবেন লিওনেল মেসি। দুর্দান্ত ফর্মে থাকা এই ফরোয়ার্ডকে ছাড়াই আজ বুধবার স্পোর্টিং গিজনের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা। কিন্তু তাঁর শূন্যতা কি পূরণ করতে পারবেন অন্য কেউ? আপনি আপনার মতো করে ভাবতে পারেন। কিন্তু বার্সা কোচের বিশ্বাস, এ শূন্যতা অপূরণীয়। কোনো রাখঢাক না করেই গার্দিওলা বলছেন, ‘মেসির বিকল্প হয় না।’গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘মেসির বিশেষ কিছু প্রতিভা রয়েছে। অন্য কারও সঙ্গে তাঁর বদল চলে না, তার পরও আমাদের এগিয়ে যেতে হবে। সৌভাগ্যবশত অল্প সময়ের জন্যই মেসিকে মিস করতে হবে আমাদের।’আগামী শনিবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষেও খেলা হবে না মেসির। তবে ২৯ সেপ্টেম্বর রুবিন কাজানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটার জন্য ফিট হয়ে যাবেন। যদিও রাশিয়া সফরে মেসিকে নেওয়া হবে কি না, সেটি নির্ভর করছে বার্সা কোচের ওপর। মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নেবেন না ইঙ্গিত দিয়ে গার্দিওলা বলেন, ‘আমি জানি না, রবিন কাজানের বিপক্ষে মেসি খেলতে পারবে কি না। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বিশ্রামে থাকবে এই ফরোয়ার্ড।’—রয়টার্স