মেসির বিপক্ষে 'মেসি'

মন্ত্র একটাই, লিওনেল মেসিকে আটকাও। সুইজারল্যান্ডের কোচ ওটমার হিটজফেল্ড ছাত্রদের কানে এই মন্ত্র জপে দিয়েছেন অবশ্যই। তবে ফার্নান্দেজ, গারাইদেরও কিন্তু ‘মেসিকে’ আটকানোর উপায় খুঁজতে হবে। অবাক হচ্ছেন? গারাইরা আবার কোন মেসিকে নিয়ে মাথা ঘামাবেন? সুইজারল্যান্ডেও একজন মেসি আছেন—জেরদান শাকিরি, যাঁকে বলা হয় আলপাইনের মেসি! আসল মেসির সামনে কি শাকিরি আলো ছড়াতে পারবেন?
এই টুর্নামেন্টে যেমন খেলছেন, তাতে সেই সামর্থ্যের সব রকম আভাসই আছে। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটিতেই ম্যান অব দ্য ম্যাচ ২২ বছর বয়সী উইঙ্গার। তবে নিজের সামর্থ্যের চূড়ান্তটা দেখিয়েছেন হন্ডুরাসের সঙ্গে শেষ ম্যাচে। দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন, প্রথম গোলটি তো এই টুর্নামেন্টের সেরা গোলের তালিকায় থাকবে। তাঁকে নিয়ে আলাদা করে না ভেবে উপায় নেই আর্জেন্টিনার।
হাভিয়ের মাচেরানো তাই সতীর্থদের সতর্ক করে দিলেন, ‘সুইসরা দারুণ সংঘবদ্ধ একটা দল। তারা ভালো ফুটবল খেলে, বেশ কিছু শীর্ষ পর্যায়ের খেলোয়াড় আছে ওদের। শাকিরি ও সেভারোভিচ (ফরোয়ার্ড হারিস) বেশ ভালো ফর্মে আছে। আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে।’
ইতিহাস অবশ্য সুইসদের খুব একটা আশার আলো দেখায় না। আর্জেন্টিনার সঙ্গে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে চারটিতেই হেরেছে, বাকি দুই ম্যাচ ড্র। হিটজফেল্ড সেটা জানেন। আর সে জন্যই বললেন, ‘আমরা অবশ্যই আন্ডারডগ। কিন্তু আমাদের কিছুই হারানোর নেই। বরং পাওয়ার আছে অনেক কিছু।’ সেই আশার ভেলা ভাসিয়েই ছাত্রদের স্বপ্ন দেখাচ্ছেন, ‘আমরা মঙ্গলবার (আজ) ইতিহাস গড়তে পারি। একটা ম্যাচে এখনো যেকোনো কিছুই হতে পারে।’
মাঠের খেলায় যা-ই হোক, আজ সাও পাওলোতে গ্যালারির সমর্থনকে একটা বড় শক্তি বলে ধরে রাখছে সুইসরা। সুইস গোলরক্ষক ডিয়েগো বেনাগিলো বললেন, ‘আমার মনে হয় আমরা ব্রাজিলিয়ান ভক্তদের সমর্থন পাব আজ। ব্রাজিল ও আর্জেন্টিনার দ্বৈরথ এখানে এসেই টের পেয়েছি।’
আজ কি সেই দ্বৈরথে ইতিহাস গড়তে পারবে সুইজারল্যান্ড? রয়টার্স।
মুখোমুখি
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড
ম্যাচ আর্জেন্টিনা সুইজারল্যান্ড ড্র
মোট ৬ ৪ ০ ২
বিশ্বকাপে ১ ১ ০ ০