মেসির বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ!
স্প্যানিশ জায়ান্ট বার্সার আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির বিরুদ্ধে বর্ণবাদী আচরণ করার অভিযোগ উঠেছে। আজ এ খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যের ডেইলি মেইল অনলাইন।খবরে বলা হয়, হল্যান্ডের একটি সংবাদভিত্তিক ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধে ডাচ মিডফিল্ডার রয়েসটন ড্রেনথে অভিযোগ করেছেন, স্পেনে খেলার সময় বার্সেলোনার খেলোয়াড় মেসির বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন তিনি। মেসি তঁাকে বেশ কয়েকবার নিগ্রো' বলে গালি দিয়েছেন। তবে ড্রেনথের অভিযোগের ব্যাপারে এখন পর্যন্ত মেসি বা বার্সার বক্তব্য পাওয়া যায়নি।শৃঙ্খলা ভঙ্গের কারণে গত মার্চে এভারটন থেকে বহিষ্কৃত হন ড্রেনথে। তিনি মূলত বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। সর্বশেষ ধারে খেলছিলেন এভারটনের হয়ে। এর আগে ধারে খেলেছেন হারকিউলিসের হয়ে।২৫ বছর বয়সী ড্রেনথে বলেন, মেসির বিপক্ষে আমি অনেকবার খেলেছি। সব সময় আমাদের মধ্যে কোনো না কোনো সমস্যা হতো। ও আমাকে নিগ্রো বলে ডাকত। আমি জানি, দক্ষিণ আমেরিকায় শব্দটি ব্যাপকভাবে ব্যবহূত হয়।'একটি ঘটনার উদাহরণ দিয়ে ড্রেনথে বলেন, হারকিউলিসের হয়ে খেলার সময় বার্সার বিপক্ষে এক ম্যাচে মেসির সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। ও আমার দিকে হাত বাড়িয়ে আবারও বলে, হোলা নিগ্রো।'ড্রেনথের অভিযোগটা অবশ্যই গুরুতর। গত বছর প্রিমিয়ার লিগের এক ম্যাচে উরুগুয়ের লুইস সুয়ারেজের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছিলেন ফ্রান্সের পেট্রিক এভরা। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় আট ম্যাচে নিষেধাজ্ঞা এবং ৪০ হাজার পাউন্ড জরিমানা করা হয় সুয়ারেজকে।