মেসির বিরুদ্ধে ষড়যন্ত্র!
তাঁর বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে খুব বেশি দিন হয়নি। লিওনেল মেসির দিকে এবার ধেয়ে আসছে নতুন কলঙ্কের তির। মেসি ও তাঁর বাবা হোর্হের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অবৈধ টাকা পাচারের। কদিন ধরেই এটা নিয়ে তুলকালাম চলছে স্প্যানিশ সংবাদমাধ্যমে। মেসি অবশ্য এই কদিন মুখে কুলুপ এঁটে কাল এটা নিয়ে কথা বলেছেন।
অভিযোগটা আসলে উঠেছে সিনিয়র মেসির বিরুদ্ধে। গত বছর দাতব্য কাজে কয়েকটা প্রীতি ম্যাচ খেলেছিলেন মেসিসহ আরও কয়েকজন বার্সা খেলোয়াড়। স্প্যানিশ দৈনিক এল মুন্দোয় লেখা হয়, ওই ম্যাচগুলো আসলে আয়োজন করা হয়েছিল কলম্বিয়া থেকে মাদক ব্যবসায় আয় করা টাকা পাচারের কাজে। এবং মেসির বাবা ছিলেন বার্সার কয়েকজন খেলোয়াড়ের প্রতিনিধি। স্বভাবতই সন্দেহটা সিনিয়র মেসির দিকে আসে।
তবে মেসি দাবি করেছেন ম্যাচগুলো থেকে তাঁরা এক পয়সাও নেননি, ‘শুধু আমাকে নয়, আমার বাবা ও আমার বন্ধুদের নিয়ে যেটা বলা হচ্ছে তাতে আমি ভীষণ আহত। আমরা শতভাগ দাতব্য উদ্দেশ্যেই ম্যাচগুলো খেলেছিলাম।’ আপাতত মেসি অবশ্য আশ্বস্ত থাকতে পারেন। স্পেন কর্তৃপক্ষ জানিয়েছে মেসি ও তাঁর পরিবারের কারও এই টাকা পাচারের সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।
কিন্তু হঠাৎ করেই মেসিকে টেনে আনা হলো কেন? সামনে ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার বলে এখানেই একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মেসির বার্সা-সতীর্থ সেস্ক ফ্যাব্রিগাস। বোমাটা প্রথম ফাটিয়েছিল মাদ্রিদভিত্তিক দৈনিক এল মুন্দো। ফ্যাব্রিগাস মনে করছেন, পুরো ব্যাপারটাই মেসিকে হেনস্তা করার একটা কূটচাল ছাড়া কিছুই নয়, ‘কিছু লোক আছে যারা সব সময় কিছু একটা খোঁজার চেষ্টা করে। বার্সার জয় দেখতে দেখতে এরা বিরক্ত, বার্সা যে সেরা সেটা তাদের সহ্য হয় না। অনেক বছর ধরেই লিওনেল মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। এখন যখন সে একটু চোটে পড়ে বা তার সম্পর্কে কোনো একটা কথা শোনা যায়, তখন সে-ই যেন আসল খলনায়ক হয়। যখন আপনি ফুটবলে অনেক দিন ধরেই সেরা, অনেকের স্বভাবই থাকে আপনার সম্পর্কে নেতিবাচক কিছু একটা পেলেই চাউর করা।’ স্পষ্ট করে না বললেও মাদ্রিদভিত্তিক সংবাদমাধ্যমের দিকেই তিরটা ছুড়েছেন ফ্যাব্রিগাস।
শুধু ফ্যাব্রিগাস নন, নিন্দা জানিয়েছেন বার্সা সভাপতি সান্দ্রো রোসেলও, ‘মন্ত্রণালয় ও গার্দিয়া সিভিল জানিয়েছে লিও মেসিকে এ ঘটনার জন্য বিচারের সম্মুখীন করার কোনো সম্ভাবনাই নেই। তার পরও তার ওপর আক্রমণ এখনো বন্ধ হয়নি।’
তবে কাতালানভিত্তিক সংবাদমাধ্যম পাল্টা যুক্তি দিয়ে যাচ্ছে। মুন্দো দেপোর্তিভো জানিয়েছে ওই প্রীতি ম্যাচগুলো থেকে পাওয়া এক লাখ ডলার সরাসরি ইউনিসেফকে দিয়ে দিয়েছেন মেসিরা। মেসি আলাদাভাবে ২৫ লাখ ডলার নিয়েছেন, এল মুন্দোর এমন দাবিকে মুন্দো দেপোর্তিভো ডাহা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। ওয়েবসাইট, এএফপি।