মেসির বিরুদ্ধে 'ষড়যন্ত্র' দেখেন না ইনিয়েস্তা

কী এক সর্বনাশা মন্তব্যই না করেছিলেন বার্সেলোনার অর্থবিষয়ক সহসভাপতি হাভিয়ের ফস! লিওনেল মেসিকে নিয়ে করা সেই মন্তব্য আর বিপরীতে মেসির পাল্টা জবাব তোলপাড়ই ফেলে দিয়েছে ইউরোপিয়ান ফুটবলে। বার্সা ফরোয়ার্ডের সঙ্গে বার্সেলোনার দ্বন্দ্ব শুরু হয়েছে কি না, এমন বিশ্লেষণে পাতার পর পাতা ভরিয়ে চলেছেন ক্রীড়া সাংবাদিকেরা।
তবে এত কিছুর কোনো দরকারই নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মেসির বার্সেলোনার সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা। মেসির বিরুদ্ধে কোনো প্রচার-প্রচারণাও বার্সেলোনাতে চালানো হচ্ছে না বলে জানিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার।
মেসির সঙ্গে বার্সেলোনা নতুন চুক্তি করবে কি না, এমন আলোচনা থেকেই শুরু হয়েছিল বিতর্কটা। ফস বলেছিলেন, দফায় দফায় বেতন-ভাতা বাড়ানো আর নতুন চুক্তি করার কোনো দরকার নেই। শান্তশিষ্ট মেসিও চরম ক্ষুব্ধ হয়েছিলেন অযাচিত এই মন্তব্যে। নিজের বেতন বাড়ানোর জন্য কখনোই আগ্রহ দেখাননি জানিয়ে বেশ কড়া ভাষায় মেসি বলেছিলেন, ‘ফস ফুটবলের কিছুই বোঝেন না।’
এ ধরনের বাদানুবাদের পর চাউর হয়েছিল, মেসির সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষের। ন্যু ক্যাম্প ছেড়ে অন্য কোথাও পাড়ি জমাতে পারেন, এমন অনুমানও করছিলেন কেউ কেউ। তবে সেসব কিছুই বাস্তবে ঘটছে না বলে জানালেন ইনিয়েস্তা।
ফস বা মেসি, কেউই একে অন্যকে ইচ্ছাকৃতভাবে আঘাত দেওয়ার জন্য কিছু বলেননি বলেই মনে করছেন এই স্প্যানিশ মিডফিল্ডার, ‘কখনো কখনো কিছু না ভেবেই কিছু কথা বলা হয়ে যায়। অন্য কাউকে আঘাত করার উদ্দেশে হয়তো সেটা বলা হয় না।’ মেসির বিরুদ্ধে বার্সেলোনায় কোনো প্রচারণা চালানো হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে ইনিয়েস্তা বলেছেন, ‘এটা ইংল্যান্ডে বলা হচ্ছে। তাঁরা বার্সেলোনার কিছুই জানে না।’
মেসির সঙ্গে না হলেও সম্প্রতি ইনিয়েস্তার সঙ্গে নতুন একটা চুক্তি করেছে বার্সেলোনা। আর সেই চুক্তি অনুযায়ী ২০১৮ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পেই থাকবেন ইনিয়েস্তা। হয়তো ফুটবল ক্যারিয়ারটাও শেষ করবেন ইউরোপের অন্যতম সেরা এই ক্লাবের জার্সি গায়ে। ভক্তদের সেই কথাটাও আবার জানালেন ইনিয়েস্তা, ‘অনেক কিছুই আমার মাথায় কাজ করছিল। আর নিজেকে মনে হচ্ছিল দুনিয়ার সবচেয়ে গর্বিত মানুষ। বার্সেলোনার হয়ে ক্যারিয়ার শেষ করতে পারাটাই আমার স্বপ্ন।’