মেসির বিষাদের রাত
বার্সেলোনার জন্য ম্যাচটা হয়ে গিয়েছিল অগুরুত্বপূর্ণ। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা নিশ্চিত হয়ে গেছে আগেই। তার পরও ন্যু ক্যাম্পের ভরা গ্যালারি বড় আশা নিয়ে তাকিয়ে ছিল এই ম্যাচে। তাকিয়ে ছিল বিশ্বজুড়ে বার্সার কোটি কোটি সমর্থক। অগুরুত্বপূর্ণ ম্যাচটা যে গুরুত্বপূর্ণ করে দিয়েছিলেন লিওনেল মেসি! না, ম্যাচটি শেষ পর্যন্ত ইতিহাসের পাতায় ঠাঁই পায়নি। এই ম্যাচ দিয়ে কদিন ধরে বহুল আলোচিত সেই রেকর্ড ছুঁতে পারেননি মেসি। শুধু গোলশূন্যই থাকেননি, মাঠ থেকে বেরিয়ে আসার সময় কাঁপিয়ে দিয়েছেন সমর্থকদের বুক। মেসি যে মাঠ ছেড়েছেন চোট পেয়ে, স্ট্রেচারে করে!প্রথম একাদশে তাঁর নাম না দেখে অনেকেই হয়তো বিস্মিত হয়েছিলেন। শেষ পর্যন্ত ৫৮ মিনিটের মাথায় নামেন মাঠে। আধা ঘণ্টার মতো মাঠে ছিলেন। কিন্তু সেই ৮৫তম গোলটির দেখা পাননি। পরে গোলরক্ষকের সঙ্গে ধাক্কা লেগে ৮৫ মিনিটে চোট নিয়ে বেরিয়ে আসেন। আঘাতটা ছিল বাঁ হাঁটুতে। তবে মেসিভক্তদের উৎকণ্ঠার কারণ নেই। বার্সেলোনার কোচ টিটো ভিলানোভা আশ্বস্ত করেছেন, এই চোট গুরুতর কিছু নয়। পরে বার্সার ওয়েবসাইটেও জানানো হয়েছে, দ্রুতই সেরে উঠবেন মেসি। তবে রোববার রিয়াল বেটিসের সঙ্গে মাঠে নামবেন কি না, সেটা এখনো অনিশ্চিত। জার্ড মুলারের রেকর্ড থেকে মাত্র এক গোল দূরত্বে থাকা মেসি অবশ্য বেটিসের সঙ্গে না খেললেও রেকর্ড ভাঙার জন্য লিগে আরও দুটি ম্যাচ পাবেন। এএফপি, ওয়েবসাইট।