মেসির ভাবনায় এল ক্লাসিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি এই রকমই। ‘আমি’ নয়, ‘আমরা’ই তাঁর কাছে সব সময়ই বড়। তিন ম্যাচের ‘গোলখরা’ টানা দুই হ্যাটট্রিক দিয়ে ঘোচানোর পর আবার শুরু হয়েছে স্তুতির বন্যা। কিন্তু আর্জেন্টাইন খুদে জাদুকর আবারও বললেন, তিনি নিমিত্ত মাত্র। দলের সাফল্যই শেষ কথা।কয়েক মৌসুম ধরে বার্সেলোনার সাফল্যের কেন্দ্রে আছেন। ২০০৮-০৯ মৌসুম থেকেই চলছে গোলের সঙ্গে তাঁর সখ্য। ওই মৌসুমে ৩৮ গোলের পর গত দুই মৌসুমে গোল করেছেন ৪৭ ও ৫৩টি। প্রতি মৌসুমেই গোলের সংখ্যা আরও অবিশ্বাস্য অঙ্কে নিয়ে যাওয়ার পণই যেন করেছেন। এখন পর্যন্ত চলতি মৌসুমে যেমন ম্যাচের চেয়ে গোলের সংখ্যা বেশি (১৭ ম্যাচে ২২)। বার্সেলোনাও এই সময়টায় দুটি চ্যাম্পিয়নস লিগ, টানা তিনটি স্প্যানিশ লিগ, একটি কাপ ও একটি ক্লাব বিশ্বকাপ জিতেছে। বার্সার এই অবিস্মরণীয় সাফল্যের কেন্দ্রে থেকেও টানা দুবার ফিফা বর্ষসেরা হওয়া মেসি বলছেন সাফল্য এসেছে দলীয় প্রচেষ্টায়, ‘আসলে আমরা দলের সবাই অনেক দিন ধরেই খেলছি। আমাদের ভালো খেলার রহস্য এটাই।’আর ৩৪ গোল পেলে বার্সার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন। নিশ্চিতভাবেই রেকর্ডটা মেসির নামের পাশে লেখা হচ্ছে। প্রশ্ন একটাই—সেটা এই মৌসুমেই হবে কি না। এমনিতে মেসি কিন্তু যথেষ্ট ফিট। টানা খেলার ধকল সয়ে যেতে পারেন অবিশ্বাস্যভাবে। গত তিন মৌসুমের প্রতিটিতেই ক্লাবের হয়ে খেলেছেন ৫০টিরও বেশি ম্যাচ।মেসি জানালেন এবারও তাঁর লক্ষ্য বার্সার হয়ে পারলে সবগুলো ম্যাচেই খেলা, ‘শারীরিকভাবে আমি যথেষ্ট ভালো অনুভব করছি। গত মৌসুমের মতো এই মৌসুমেও যতগুলো সম্ভব ম্যাচ আমি খেলতে চাই। তবে এমন কিন্তু নয় এই মৌসুমেই রেকর্ডটা ভেঙে দেওয়ার লক্ষ্য স্থির করেছি। একদিন সেটা তো হবেই।’রেকর্ড-টেকর্ডের কথা ভুলে গিয়ে মেসির লক্ষ্য তাই লিগে ভালো খেলা। গত কয়েক মৌসুমে রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। মেসি তাই ভালো করেই জানেন, এবারও তা-ই হবে। এ কারণে কোনো ম্যাচেই পয়েন্ট হাতছাড়া করতে চান না। আগামীকাল লিগে বার্সা মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাওয়ের। তবে মাথায় রিয়ালও থাকবে তাদের। টানা সাত ম্যাচ জিতে পুঁচকে লেভান্তে গত ম্যাচে হেরে গেলেও পয়েন্টের হিসাবে তারাও আছে ধারেকাছেই। রিয়ালের পয়েন্ট ২৫, বার্সার ২৪, লেভান্তের ২৩। তা ছাড়া আরেকটি এল ক্লাসিকোও ঘনিয়ে আসছে। আগামী মাসের শুরুতে লিগে আবার মুখোমুখি হবে দুই দল। লিগে সর্বশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই বার্সা জিতলেও মেসি এবারের চ্যালেঞ্জটাকে মোটেই সহজ মনে করছেন না, ‘এই মৌসুমে রিয়াল মাদ্রিদ দলের শক্তি অনেক বাড়িয়েছে। ওরা গতবারের চেয়ে ভালো করতে চায়, করছেও। গত আগস্টের পর থেকে দারুণ খেলছে। গতবারের তুলনায় এবার ওদের দলটাও অনেক ভালো।’তবে কি এবার রিয়ালকে ভয়ই পাচ্ছেন মেসি? এবার বার্সা-অহং তাঁর কণ্ঠে, ‘শক্তি তো আমরাও বাড়িয়েছি। আমাদের খেলাতেও আছে উন্নতির ছাপ। সবাই মিলে দল হয়ে ওঠাটাই মূল বিষয়। এতজন খেলোয়াড় একসঙ্গে ভালো খেলছে, এমনটা আর খুঁজে পাওয়া কিন্তু সহজ নয়।’ ওয়েবসাইট।