মেসির ভেলায় শেষ আটে বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর সতীর্থদের ভালোবাসায় পিষ্ট মেসি! ছবি: রয়টার্স
গোলের পর সতীর্থদের ভালোবাসায় পিষ্ট মেসি! ছবি: রয়টার্স

মনে হচ্ছিল ভাগ্য বুঝি আরেকবার প্রতারণা করতে যাচ্ছে তাঁর সঙ্গে। বহু দিন পর নিজের সেরা ছন্দে ফিরেছেন। ম্যানচেস্টার সিটির রক্ষণদুর্গ ভেঙে বেশ কবার ঢুকে পড়েছেন ক্ষুধার্ত সিংহের মতো। একক প্রচেষ্টায় বল টেনে নিয়ে গিয়ে দারুণ একটা শটও নিয়েছিলেন। কিন্তু পোস্টে লেগে ফিরে এল বল! হতাশায় ধিক্কার দিয়ে উঠলেন লিওনেল মেসি—নিজেকেই, নয়তো ভাগ্যকে।
না, মেসির রাতটা হতাশায় কাটেনি। শেষ পর্যন্ত ৬৭ মিনিটে দুর্দান্ত এক চিপ থেকে ম্যাচের প্রথম গোল করে সিটির আশা খুন করে ফেলেছিলেন। দুই লেগ মিলিয়ে তখন ৩-০ গোলে এগিয়ে বার্সা। ৭৮ মিনিটে পেনাল্টির দাবি নিয়ে প্রতিবাদ করতে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে পাবলো জাবালেতা মাঠ ছাড়লে কাজটা আরও কঠিন হয়ে যায় সিটির জন্য। যদিও ৮৯ মিনিটে সান্ত্বনার একটা গোল এনে দিয়েছিলেন ভিনসেন্ট কম্পানি। কিন্তু সেই সান্ত্বনাও বেশিক্ষণ টিকে থাকল না, ৯১ মিনিটে দানি আলভেস ২-১ করে ফেললে। প্রথম লেগে মেসির পর আলভেসের শেষ মুহূর্তের গোলেই সিটির মাঠে গিয়ে ২-০ গোলে ম্যাচ জিতে এসেছিল বার্সা। সেই দুজন আবারও গোলদাতার তালিকায় নাম লেখালে দুই লেগ মিলিয়ে বার্সেলোনা জিতল ৪-১ ব্যবধানে।
অন্য ম্যাচে বায়ার লেভারকুসেনকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পিএসজিও। প্রথম ম্যাচটা লেভারকুসেনের মাঠ থেকে ৪-০ গোলে জিতে আসায় ফিরতি লেগটার আসলে কোনো গুরুত্বই ছিল না।

প্রথম লেগের জন্যই শুধু নয়, বার্সা এই ম্যাচে ফেবারিট ছিল অন্য একটি পরিসংখ্যানের কারণেও। ২০০৭ সালের পর থেকে আগের ছয়টি আসরেই কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সা। তাদের রুখে দিতে হলে দুর্দান্ত প্রত্যাবর্তন দরকার ছিল সিটির। একাদশে সার্জিও আগুয়েরোর ফিরে আসা আশার সলতেয় আগুন জ্বালিয়ে দিয়েছিল সিটি সমর্থকদের। তা ছাড়া বার্সাও কেমন খোঁড়াচ্ছে। আগের তিন ম্যাচের দুটোতেই হার—মওকামতোই প্রতিপক্ষকে পেয়েছিল সিটি।

কিন্তু গোলশূন্য প্রথমার্ধেই বার্সা ছন্দে ফেরার ইঙ্গিত দেয়। ২০০৯ ও ২০১১ সালের চ্যাম্পিয়নদের সেই সর্বনাশী বিধ্বংসী চেহারায় হয়তো দেখা যায়নি। কিন্তু সাম্প্রতিক সময়ে সুর-তালহীন বার্সাকে দেখে বেদনাক্লিষ্ট সমর্থকদের চোখে প্রশান্তির পরশ অন্তত বুলিয়ে গেছে এই ম্যাচের প্রথমার্ধ। যেখানে বার্সা অনায়াসেই ২-০ গোলে এগিয়ে যেতে পারত। দুবারই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত খড়্গ হয়ে নেমেছে। অফসাইডের খাঁড়ায় একটি গোল বাতিল হয়েছে, মেসিকে বক্সের ভেতরে ফেলে দিলেও দেওয়া হয়নি পেনাল্টি। রিপ্লে বলছে, দুটো সিদ্ধান্তই বার্সার পক্ষে যাওয়া উচিত ছিল।

ফরাসি রেফারি স্তেফান লেনয়ের রাতটা আরও ভুল ভুলাইয়ার রাত হয়ে গেল দ্বিতীয়ার্ধে সিটির পেনাল্টির দাবি অগ্রাহ্য করে উল্টো জাবালেতাকে লাল কার্ড দেখানোয়। অবশ্য এর কিছুই সান্ত্বনা হতে পারবে না সিটির জন্য। চ্যাম্পিয়নস লিগ ভাগ্য বদলাতে কোচও পাল্টেছে তারা। কিন্তু ভাগ্য পাল্টাল না। অন্যদিকে বার্সা সমর্থকদের মুখে ফিরে এল হাসি। দল জয়ে ফিরেছে বলেই নয়, মেসিও যে নিজেকে ফেরার ইঙ্গিত দিয়েছেন। এমন দুর্ভাগ্যে জড়াজড়ি মৌসুমেও চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচে কিন্তু মেসির আট গোল! সামনে সংখ্যাটা আরও বাড়বে নিশ্চিত।

শেষ আটের চারটি দল এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেল। বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদের পর আজ নাম লেখালো বার্সা ও পিএসজি। দুটো ইংলিশ দল দুই রাতে বিদায় নিল। রইল বাকি দুই—ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। আগামী সপ্তাহের চার ম্যাচ থেকে পাওয়া যাবে বাকি চারটি দল। শেষ আটে কে কার মুখোমুখি হচ্ছে, সেটা জানা যাবে ২১ মার্চের ড্র থেকে।