মেসির মতো 'স্পেশাল' নন রোনালদো!

এ যেন নিয়তি নির্ধারিত। দুজনের মধ্যে তুলনা চলবেই। শ্রেষ্ঠত্ব বিচারের বিতর্কও থাকবে। চ্যাম্পিয়নস লিগের শুরুতেই হ্যাটট্রিক করে সেটাই নতুন করে উসকে দিয়েছেন এ সময়ের সেরা দুই ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। বিতর্কে নতুন মুখ হিসেবে যোগ দিয়েছেন বার্সেলোনার সাবেক সহকারী কোচ হেঙ্ক টেন কেত। তাঁর মতে, রোনালদো ভালো, তবে মেসির মতো ‘স্পেশাল’ নন। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে অন্য গ্রহের ফুটবলার বলেই মনে করেন এই ডাচ কোচ।
চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে ফুটবল বিশ্বের নজর কেড়ে নিয়েছিলেন রোনালদো। শ্রেষ্ঠত্বের বিতর্কটা উসকে দেওয়ার জন্যই যেন পরদিনই গুনে গুনে তিনটি গোলই করেছেন মেসি। নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। প্রথম ফুটবলার হিসেবে করেছেন চ্যাম্পিয়নস লিগে চারটি হ্যাটট্রিক করার কীর্তি। নিজেকে সবার ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার কাজটাও এগিয়ে রেখেছেন অনেকখানি। ৬২ গোল নিয়ে আছেন সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকার দ্বিতীয় স্থানে। নয় গোলের ব্যবধান গড়ে সামনে শুধু রাউল। এই মেসির কোনো তুলনা হয় না বলেই মনে করেন তাঁর সাবেক সহকারী কোচ টেন কেত, ‘মেসি সবার থেকে আলাদা। তার পর্যায়ের কোনো খেলোয়াড় নেই। রোনালদো বা নেইমার তার ধারেকাছে নেই, কারণ মেসি আলাদা জগতের। রোনালদোও শীর্ষ পর্যায়ের ফুটবলার কিন্তু মেসির বিশেষ কিছু আছে যেটা রোনালদোর নেই।’
মেসির হ্যাটট্রিকে ভর করে আয়াক্সের বিপক্ষে ৪-০ গোলের জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগের শুরুটা দারুণভাবে করেছে বার্সেলোনাও। তবে অভিজ্ঞ মিডফিল্ডার জাভিকে প্রথম একাদশে না খেলানোর বিষয়টা মেনে নিতে পারছেন না কেত। বলেছেন, ‘জাভির অবশ্যই খেলা উচিত। সে দলের প্রধান খেলোয়াড়। পুরো দলের নেতৃত্বটা তার কাছেই থাকে। বার্সেলোনা যদি একটা অর্কেস্ট্রা হয় তাহলে জাভি সেটার পরিচালক।’
বার্সেলোনায় ক্যারিয়ার শুরুর সময় এই টেন কেতকেই সহকারী কোচ হিসেবে পেয়েছিলেন মেসি। ২০০৬ সালে বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগজয়ী দলের সদস্য ছিলেন এই ডাচ কোচ। এখন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করছেন ডাচ ক্লাব স্পার্টা রোটেরডামে।