মেসির মন বলছে ‘হবে’!
১৯৮৬ সালের ২৯ জুন সোনালি ট্রফিটায় চুমু এঁকেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। ঠিক এক বছর পর ওই জুনেই জন্ম নিলেন আরেক বিস্ময়কর প্রতিভা, আর্জেন্টিনার প্রত্যেকে অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ছবিটার জন্য: সোনালি ট্রফিতে চুমু আঁকবেন লিওনেল মেসি!২০০৬ বিশ্বকাপে পারেননি। গত বিশ্বকাপেও। তবে টানা তিনবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়টি বলছেন, হূদয়ের গভীরতম প্রদেশে একটা আলোর রেখা ঠিকই দেখেন। যেটি তাঁকে নিয়ে যাবে বিশ্বকাপ শিরোপার দিকে। ‘এটা আমার স্বপ্ন। তবে আমি সব সময়ই বলে এসেছি, ব্যক্তিগত প্রতিভার চেয়ে দলগত শক্তিটাই আসল। তার পরও কিছু একটা জিনিস আমাকে যেন বলে, আমি বিশ্বকাপ এনে দেব। জানি না কীভাবে। আশা করি তেমনটাই ঘটবে, আমরা বিশ্বকাপ জিতব’—সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন আর্জেন্টিনার অধিনায়ক।বয়স তাঁর মাত্র ২৪, আগামী বিশ্বকাপের সময় হবে ২৬। ম্যারাডোনা তাঁর ক্যারিয়ারের সেরা ফর্মে ছিলেন ওই ২৬ বছর বয়সেই। ওই বয়সেই জিতিয়েছেন বিশ্বকাপ। ২০১৪-ই কি তবে মিলিয়ে দেবে বিন্দু দুটি? মেসি আশাবাদী, ‘ব্রাজিলে বিশ্বকাপ জিততে পারলে সেটা হবে অসাধারণ কিছু। আর ঘুমিয়ে ঘুমিয়ে দেখার চেয়ে আমি জেগেই স্বপ্ন দেখতে ভালোবাসি।’নিজ জাতীয় দল নয়, মেসিকে বলতে হয়েছে বার্সেলোনা নিয়েও। আপাতত বার্সা শিবিরে সবচেয়ে জোরালো হয়ে যে প্রশ্নটা উচ্চারিত হচ্ছে—পেপ গার্দিওলা কি থাকবেন? ‘আমি তো চাই তিনি থাকুন। এটাই আমাদের জন্য হবে সবচেয়ে ভালো। তবে সিদ্ধান্ত তাকেই নিতে হবে।’ শেষ পর্যন্ত গার্দিওলা যদি না-ই থাকেন, বিকল্প একটা পছন্দও ভেবে রেখেছেন মেসি—মার্সেলো বিয়েলসা! ওয়েবসাইট।