মেসির মরিনহো-রোনালদো স্তুতি
এত এত সাফল্যের পরও হোসে মরিনহোকে অনেকেই আমলে নিতে চান না। স্তাবকের মতো মরিনহোর নিন্দুকের সংখ্যাও ভারী। ‘স্পেশাল ওয়ান’ আসার পরেই রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার খেলোয়াড়দের সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়েছে বলেও অভিযোগ শোনা যায়। সাম্প্রতিক এল ক্লাসিকোয় মাঠে কার্ডের ছড়াছড়ি আর দুই পক্ষের একে-অন্যের দিকে তেড়ে যাওয়া সেই অভিযোগের পক্ষে সাক্ষ্যও দেয়। কাতালান শিবিরে মরিনহোর নিন্দা হররোজই হয়। তবে লিওনেল মেসি বলছেন অন্য কথা। বার্সেলোনার আর্জেন্টাইন তারকার চোখে মরিনহো ভালো একজন কোচ।গতকাল হয়ে যাওয়া এল ক্লাসিকোর আগে মেসি বলেছেন, ‘তিনি খুবই ভালো একজন কোচ, যে নিজের কাজটা খুব ভালো করেই জানে।’ ‘প্রতিদ্বন্দ্বী’ ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে অবশ্য পুরোনো কথাটাই বললেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোও অনেক ভালো, গ্রেট একজন খেলোয়াড়।’ কদিন আগে ডেভিড ভিয়ার সঙ্গে মাঠে ঝগড়া হয়েছিল। সতীর্থ ভিয়া সম্পর্কেও ‘সুবোধ বালক’ মেসি বললেন ভালো কথা, ‘ভিয়া মানুষ হিসেবে দুর্দান্ত, এ নিয়ে দ্বিমত পোষণের সুযোগ নেই।’ভালো কথার ডালি সাজিয়ে বসা মেসি অবশ্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাও বলেছেন। এর একটা ‘গার্দিওলা যুগ’ বনাম ‘ভিলানোভা যুগ’। মেসির মতে, এই দুই কোচের সময়ে বার্সেলোনায় বড় কোনো পরিবর্তন আসেনি। গার্দিওলার দেখিয়ে দেওয়া পথ ধরেই এগিয়ে চলেছেন ভিলানোভা, ‘আগের কয়েক মৌসুমের বার্সাকেই আপনারা দেখবেন। আমাদের খেলার ধরন পাল্টাবে না। কারণ টিটো এই বিষয়ে পেপের মতোই চিন্তাভাবনা করেন। কোনো পরিবর্তন আসেনি। ইতিহাসে পেপ নিজের ছাপ রেখে গেছেন। মাঠের ভিন্ন ভিন্ন জায়গায় খেলার স্বাধীনতা তিনিই আমাকে দিয়েছিলেন। দলেও এ রকম প্রভাব ছিল তাঁর।’নেইমার নাকি বার্সেলোনায় আসছেন। এ নিয়ে অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি মেসি, ‘এ নিয়ে আপনারা বরং কোচিং স্টাফদের জিজ্ঞেস করুন।’ মেসি জানালেন, তিনি কখনোই বিশ্বসেরা হওয়ার জন্য খেলেন না। তিনি খেলেন তাঁর নিজের সেরাটাকে আরও ওপরে নিয়ে যাওয়ার জন্য, ‘প্রতিদিন কঠোর পরিশ্রম করি নিজের সেরা পর্যায়ে পৌঁছানোর জন্য, কিন্তু বিশ্বসেরা হওয়ার আমার লক্ষ্য নয়। নিজের শক্তি-দুর্বলতা নিয়েও আমি ভাবি না। সমালোচকদের সব সময় এড়িয়ে চলি। আসলে ফুটবলে সবকিছুই বিতর্কযোগ্য।’ মেসি বলেছেন জাতীয় দল নিয়েও, ‘আসলে আমি আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে খেলিনি। সেটার মাশুলই আমাকে দিতে হচ্ছে। তবে জীবন এ রকমই। জাতীয় দলের হয়ে প্রতিটি ম্যাচেই নিজেকে উজাড় করে দিয়ে খেলেছি। আমি জাতীয় দলের হয়েও সাফল্য চাই, সময়ই সবকিছু প্রমাণ করে দেবে।’ ওয়েবসাইট।