মেসির মুখে বাতিস্তা-বন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু ডিয়েগো ম্যারাডোনাই নেই। নইলে জার্মানির বিপক্ষে হারের আগ পর্যন্ত বিশ্বকাপে যা হয়েছিল সেটিরই পুনরাবৃত্তি করল আর্জেন্টিনা। লিওনেল মেসি ভালো খেললেন, আর্জেন্টিনা জিতল এবং মেসি গোল পেলেন না! আপাতদৃষ্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচটিকে ‘ম্যারাডোনা যুগ’-এর সঙ্গে তুলনা করা চলে। কিন্তু মেসিরা বলছেন, আসলে অনেক কিছুই বদলে গেছে। কয়দিন দায়িত্ব নিয়েই অন্তর্বর্তীকালীন কোচ সার্জিও বাতিস্তা বদলে দিয়েছেন। বাতিস্তার এই বদল-প্রক্রিয়ায় মুগ্ধ হয়ে মেসি দাবি করছেন ‘অন্তর্বর্তীকালীন’ নয়, বাতিস্তাকে পূর্ণাঙ্গ মেয়াদে কোচের দায়িত্ব দেওয়া হোক।ডাবলিনে গত পরশুর ম্যাচটি ছিল আর্জেন্টিনার নতুন পথচলার সূচক। বিশ্বকাপের ঢের আগে থেকে শুরু হওয়া মহা আলোচিত ম্যারাডোনা-অধ্যায় শেষ হয়েও যেন হচ্ছিল না। এই ম্যাচ সেই আলোচনা খানিকটা মিইয়ে দিল। তা হলো ২০ মিনিটে দৃশ্যত অফসাইড থেকে করা অ্যাঙ্গেল ডি মারিয়ার গোলে।তা গোল যেমনভাবেই আসুক, দলের খেলায় দারুণ খুশি মেসি। তিনি আসলে বেশি খুশি বাতিস্তার অধীনে বার্সেলোনার মতো করে খেলতে পেরে, ‘আমরা যেভাবে খেলেছি, আমি আমার ক্লাবে এভাবেই খেলতে অভ্যস্ত, একই রকম (বার্সেলোনার মতো) খেলেছি আমরা। বার্সেলোনার মতো খেলেছি বলেই আমি খুব স্বচ্ছন্দ ছিলাম।’কথাগুলো আগে শুনেছেন বলে মনে হচ্ছে না? হ্যাঁ, প্রায় এ রকম সব কথাই বিশ্বকাপজুড়ে বলেছেন ফিফার বর্তমান বিশ্বসেরা খেলোয়াড়। কে জানে কখনকার কথা সত্যি! সত্যি যা-ই হোক, আপাতত ‘গুরু’ ম্যারাডোনার কথা ভুলে বাতিস্তা-বন্দনাতেই মেতেছেন মেসি।দিনকয়েক আগেও চীনে বসে মেসি বলেছিলেন, ম্যারাডোনা কোচ হিসেবে থেকে গেলে খুশি হতেন। এবার বাতিস্তার প্রশংসা করতে করতে দাবি করে বসলেন, ভারপ্রাপ্ত এই কোচকে স্থায়ী করা হোক, ‘তাঁকে কাজটা চালিয়ে যেতে দেওয়া উচিত। আমি তাঁকে অলিম্পিকে পেয়েছিলাম। তাঁর সঙ্গে আমার ভালোই জমে। আজও উনি ভালো করলেন। আমি তাঁকে ভারপ্রাপ্ত নয়, পূর্ণাঙ্গ কোচ হিসেবেই দেখতে চাই।’মেসির কণ্ঠে ভিন্ন সুর শুনে চমকে যেতে পারেন। তবে বাতিস্তা নিজেও যে নিজের জন্য সুপারিশ করছেন, সেটা নিশ্চয়ই চমক নয়! নিজের অন্তর্বর্তীকালীন এই দায়িত্বটা এবার পূর্ণাঙ্গ হয়ে যাবে বলেই তাঁর বিশ্বাস, ‘আমি আশা করি, সবকিছুই বিবেচনায় নেওয়া হবে। আমি অলিম্পিকে যা করেছি, যুব দলের হয়ে যা করেছি; সবকিছুই।’আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচে নিজের দলের খেলার বিজ্ঞাপনও করলেন বাতিস্তা। যদিও আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে পারেনি। কিন্তু প্রথমার্ধের খেলাতেই দলকে দশে আট দিয়ে দিচ্ছেন ’৮৬ বিশ্বকাপজয়ী দলে খেলোয়াড় বাতিস্তা, ‘শুধু ফলাফলের জন্য নয়, আমরা যেভাবে খেলেছি, সেটি খুব ইতিবাচক ছিল। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার বড় ধাক্কা সামলে উঠে নিজেদের খেলাটা খেলতে পারা দুর্দান্ত ব্যাপার। আমরা বিশেষ করে প্রথমার্ধে যে ফুটবল খেলেছি, সেটাই আমি পছন্দ করি। আমার নিজের একটা মূল্যায়ন আছে। আমি প্রথমার্ধে দলকে দশে আট দিচ্ছি।’ এএফপি, রয়টার্স।