মেসির মুখে রোনালদো-বন্দনা

এবারের মৌসুমের শুরু থেকেই একের পর এক গোল করে সমালোচক আর বিদ্রূপকারীদের মুখ বেশ ভালোমতোই বন্ধ করে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলেই করেছেন ২৪ গোল। তবে রোনালদো সবার সমীহ আদায় করে নিয়েছেন জাতীয় দলের জার্সি গায়ে। প্রায় একক নৈপুণ্যে পর্তুগালকে এনে দিয়েছেন ব্রাজিল বিশ্বকাপের টিকিট। দুই লেগ মিলিয়ে দলের চারটি গোলই করেছেন রোনালদো। আর গতকাল দ্বিতীয় লেগের ম্যাচে হ্যাটট্রিকের পর পুরো ফুটবল বিশ্বই মেতেছে রোনালদো-বন্দনায়। এমনকি বাদ যাননি চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও। আর্জেন্টাইন তারকাও প্রশংসায় ভাসিয়েছেন রোনালদোকে।
মেসি আর রোনালদোর ধ্রুপদী লড়াইটা চলছে অনেক দিন ধরেই। তাঁদের শ্রেষ্ঠত্বের বিচার করতে গিয়ে প্রায়ই বিভক্ত হয়ে যায় ফুটবল বিশ্ব। ২০০৯ সাল থেকে প্রায় প্রতি মৌসুমেই স্পেনের সর্বোচ্চ গোলদাতার আসনটির জন্য লড়াই চালিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। বিগত বছরগুলোতে মেসি কিছুটা এগিয়ে থাকলেও এবারের মৌসুমে যে রোনালদো অনেকখানিই এগিয়ে গেছেন, সেটা নিঃসন্দেহেই বলা যায়। রোনালদো যখন একের পর এক গোল করে নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছেন, তখন মেসি ভুগছেন গোলখরা আর ইনজুরিতে। তবে প্রতিদ্বন্দ্বীর দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করতে কুণ্ঠাবোধ করেননি আর্জেন্টাইন তারকা। তিনি বলেছেন, ‘তাঁকে গোলগুলো করতে দেখে আমি খুশি হয়েছি। বিশ্বকাপে সেরা দলগুলোকে দেখতে পাওয়াটা খুবই দারুণ ব্যাপার। আর ক্রিস্টিয়ানো বেশ কয়েক বছর ধরেই খুব দারুণ খেলছেন। আমি জানি না এটাই ক্রিস্টিয়ানোর সেরা সময় কি না। ক্লাব আর জাতীয় দলের হয়ে তিনি সব সময়ই গোল করতে পারেন। তিনি সেরা সময়টা কাটাচ্ছেন, নাকি তার কিছুটা নিচে আছেন, সেটার মধ্যে তেমন কোনোই পার্থক্য নেই।’
রোনালদো শেষ চারটি বছর ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা হাতে তুলতে পারেননি মেসির জন্যই। এবার হয়তো সেই আক্ষেপ ঘোচানোর প্রতিজ্ঞা নিয়েই খেলে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা। ইএসপিএন