মেসির মুখে সবুজ রশ্মি!

এমন নিষ্প্রভ অবস্থায় সাম্প্রতিক কালে খুব কমই দেখা গেছে লিওনেল মেসিকে। গতকাল অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে খুঁজেই পাওয়া যায়নি চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে। যে কারণে বেশ ভালো সমালোচনার মুখেই পড়তে হয়েছে আর্জেন্টাইন তারকাকে। এরই মধ্যে আর একটি ঘটনাও বেশ আলোচিত হচ্ছে ইউরোপিয়ান ফুটবল অঙ্গনে। মাদ্রিদের দর্শকসারি থেকে মেসির মুখে বারবার ফেলা হয়েছে সবুজ রঙের লেসার-রশ্মি। মনোসংযোগে ব্যাঘাত ঘটানোর জন্যই এমনটা করা হতে পারে বলে অভিযোগ উঠেছে।
প্রথম লেগের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর দ্বিতীয় লেগে বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ২-১ গোলের জয় দিয়ে নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল। ডিয়েগো সিমিওনের শিষ্যরা যেভাবে মেসিকে বেঁধে রেখেছিলেন তা সত্যিই প্রশংসনীয়। একই সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকেরাও মেসির মনোসংযোগে ব্যাঘাত ঘটানোর জন্য সবুজ রশ্মি ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন কেউ কেউ। গতকাল বেশ কয়েকবারই মেসির মুখে দেখা গেছে এই সবুজ রঙের লেসার-রশ্মি।
এ ধরনের ঘটনা অবশ্য ইউরোপীয় ফুটবলে নতুন কিছু না। এর আগে ২০১২ সালে এসি মিলানের মাঠে খেলতে গিয়েও এমন পরিস্থিতির মুখে পড়েছিলেন মেসি। সে সময় এই ঘটনার কড়া সমালোচনা করেছিলেন ইংল্যান্ডের মেট্রো পত্রিকার ক্রীড়া প্রতিবেদক মাসিমো মারিওনি। মেসিকে উত্ত্যক্ত করার জন্যই এমনটা করা হয়েছিল বলে মন্তব্য করেছিলেন তিনি।
২০১৩ সালে চেলসির একটি ম্যাচেও ঘটেছিল এমন ঘটনা। সে সময় উয়েফার এক মুখপাত্র বলেছিলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সমর্থকদের আচরণ নিয়ন্ত্রণের জন্য ক্লাব কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছিলেন তিনি। তবে অল্প কিছু সমর্থকের জন্য পুরো ক্লাবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার যৌক্তিকতা কতখানি, তা নিয়েও সন্দিহান অনেকে। উয়েফা অবশ্য এখন পর্যন্ত সাম্প্রতিক এ ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি।