জার্ড মুলারের রেকর্ড ভেঙে গেছে কদিন আগেই। লিওনেল মেসি নিজেকে নিয়ে গেছেন অনতিক্রম্য উচ্চতায়। তার পরও যেন গোলক্ষুধা মিটছে না বার্সা ফরোয়ার্ডের। রেকর্ডটাকে অস্পর্শনীয় দূরত্বে নেওয়ার বন্দোবস্তই যেন করে রাখছেন। কোপা ডেল রের শেষ ষোলোর লড়াইয়ে ২ গোল করে মেসি জিতিয়েছেন বার্সেলোনাকে। ২০১২ সালে তাঁর গোল হয়ে গেল ৮৮টি। মেসির রাতে রিয়াল মাদ্রিদকে ঘিরে ধরেছে পরাজয়ের বিষণ্নতা। সেল্টা ভিগোর মাঠে গিয়ে পরশু তারা হেরে ফিরেছে ২-১ গোলে। ২-০ গোলের স্বস্তির জয় নিয়ে বার্সা নিজেদের মাঠে দাঁড়াবে দ্বিতীয় লেগে। তবে প্রথম লেগের জয়টা সহজে আসেনি। দ্বিতীয় বিভাগের দল করদোবা নিজেদের মাঠে সমানে সমান লড়ে একটা সময় পর্যন্ত ৪০ বছর আগের লা লিগার স্মৃতিই যেন ফিরিয়ে এনেছিল। বার্সেলোনা নেমেছিল ভালদেস, ফ্যাব্রিগাস, বুসকেটস ও ইনিয়েস্তাকে ছাড়াই। দুর্দান্ত গতিতে, সারা মাঠে ছড়িয়ে বার্সার সঙ্গে ভালোই লড়েছে করদোবা। শেষ পর্যন্ত অবশ্য মেসির কাছেই তারা হেরে গেছে। ম্যাচের ১১ মিনিটেই মেসি নিজের গোলসংখ্যা নিয়ে যান ৮৭-তে। ডেভিড ভিয়ার বানিয়ে দেওয়া বল থেকে করা গোলটা ছিল একেবারেই ডালভাত। করদোবা হাল ছাড়েনি, বার্সার আক্রমণও সামলেছে ভালোমতোই। মেসিকে নিজের দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৭৪ মিনিট পর্যন্ত। থিয়াগোর পাস থেকে করা এই গোলেই জয় নিশ্চিত হয় বার্সার। স্কোরলাইন যা-ই দেখাক, ম্যাচটা যে মোটেই সহজ ছিল না সেটা স্বীকার করেছেন ভিলানোভাও, ‘আমি নিশ্চিত ছিলাম, এটা হবে কঠিন একটা ম্যাচ। করদোবা আমাদের সেটাই দেখিয়েছে, বিশেষ করে প্রথমার্ধে।’ অতি-আত্মবিশ্বাসের চোরাবালিতে যে দল পা দেয়নি, সেটি নিয়েও সন্তুষ্ট বার্সা কোচ, ‘তারা শেষ পর্যন্ত জানত তাদের করদোবার খেলোয়াড়দের মতোই শেষ মুহূর্ত পর্যন্ত খাটতে হবে। সেটাই করেছে তারা। ম্যাচটা ছিল দারুণ, কারণ দুটি দলই আক্রমণাত্মক ছিল। পরিবেশটাও ছিল দুর্দান্ত।’বার্সেলোনার ম্যাচ শেষ হওয়ার পরই সেল্টা ভিগোর সঙ্গে খেলতে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৩১ মিনিটেই গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় করিম বেনজেমাকে। এই মৌসুমের দুর্দশাগ্রস্ত রিয়ালের জন্য বেনজেমার চোটটা যেন মড়ার ওপর খাঁড়ার ঘা। আরেক স্বীকৃত স্ট্রাইকার হিগুয়েইনও মাঠের বাইরে! তার পরও সেল্টার মুখোমুখি রিয়ালকে খুব খর্ব শক্তির দল বলা যাবে না। রোনালদো, আলোনসো, ডি মারিয়া প্রথম একাদশেই ছিলেন। ওজিল, কাকারাও পরে নেমেছেন বদলি হয়ে। খেলেননি শুধু ক্যাসিয়াস। রিয়ালকে সেটারই মাশুল দিতে হয়েছে ৫৪ মিনিটে প্রথম গোল খেয়ে। দ্বিতীয় গোলরক্ষক আন্তোনিও আদানের দুই পায়ের ফাঁক দিয়ে জালে বল ঠেলে দেন সেল্টার স্ট্রাইকার মারিও বারমেজো। বদলি হিসেবে মাঠে নামার কয়েক মুহূর্ত পরই ৭৮ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত এক শটে ব্যবধান দ্বিগুণ করে ফেলেন ক্রিস্টিয়ান বাস্তোস (২-০)। শেষ বাঁশির মিনিট তিনেক আগে রোনালদোর গোলে ব্যবধান কমিয়েছে রিয়াল, কিন্তু পরাজয় এড়াতে পারেনি। তবে হেরেও কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশাটা বাঁচিয়ে রেখেছে মরিনহোর দল। একটা অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে দ্বিতীয় লেগটা তো খেলবে তারা বার্নাব্যুতেই। শক্তিশালী দল নিয়েও এমন হোঁচট, মরিনহোর সমালোচকদের গলার জোরটা আরও বাড়তেই পারে। কিন্তু ‘স্পেশাল ওয়ান’ এটির পরোয়া করছেন না, ‘মানুষের নিজস্ব মতামত থাকবেই। কোচের সমালোচনা করার অধিকারও সবার আছে। কিন্তু সব দায়িত্ব যে কোচের ঘাড়েই বর্তাবে এমন নয়। আমি শুধু আমারটুকুই ঘাড়ে নেব’—বলেছেন মরিনহো। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।