মেসির রাতে বার্সার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসিময় ম্যাচ। গোল-বন্যার ম্যাচ বললেও অবশ্য মন্দ হয় না। লা লিগায় গতকাল শনিবার রাতে দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। সহায়তা করেছেন আরেকটি গোলে। গোটা ম্যাচে গোল হয়েছে নয়টি। তবে মেসির রাতে তাঁর দল বার্সেলোনার জয়ের ব্যবধান খুব একটা বড় হয়নি। দেপোর্তিভোর মাঠে বার্সা জয় পেয়েছে ৫-৪ গোলে।এ ম্যাচে কিছু বুঝে ওঠার আগেই গোল খেয়ে বসে দেপোর্তিভো। তিন মিনিটের মধ্যে সেস ফ্যাব্রিগাসের সহায়তায় গোল করেন বার্সার জর্ডি আলবা। এর পাঁচ মিনিট পর দেপোর্তিভোর জালে তেল্লোর আঘাত। এবার সহায়ক লিওনেল মেসি।খেলার ১৮ মিনিটে সেস ফ্যাব্রিগাসের সহায়তায় নিজের প্রথম গোলটি পেয়ে যান মেসি। এত দ্রুত তিন গোলে এগিয়ে গিয়ে বার্সা যেন উড়ছিল। তবে পর পর দুই গোল তুলে নিয়ে স্কোরলাইন ৩-২ করে ফেলে দেপোর্তিভো। ২৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন পিজ্জি। ৩৭ মিনিটে বার্সার গোলরক্ষক ভিক্টর ভালদেসের ভুলের কারণে গোল পেয়ে যান অ্যালেক্স বার্গান্তিনোস। ৪৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মেসি। আগের মতো তাঁর এই গোলেও সহায়তা করেন ফ্যাব্রিগাস। এর চার মিনিট পরই একটি গোল শোধ করেন পিজ্জি।খেলার ৭৭ মিনিটে মেসি পূর্ণ করেন হ্যাটট্রিক। লা লিগায় নিজের ১৫তম হ্যাটট্রিক। এবার মেসিকে সহায়তা করেন জাভি। এর দুই মিনিট পর জর্ডি আলবা আত্মঘাতী গোল না করলে ৫-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে পারত বার্সা।লিগে এখন পর্যন্ত হারের মুখ দেখতে হয়নি বার্সাকে। আট ম্যাচে সাত জয়, অর্জন ২২ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের অর্জন ১৪ পয়েন্ট। রিয়ালের চেয়ে এখন পর্যন্ত ৮ পয়েন্টে এগিয়ে স্প্যানিশ জায়ান্টরা।ব্যক্তিগতভাবে গোলসংখ্যায় সবার ওপরে লিওনেল মেসি। দেপোর্তিভোর বিপক্ষে হ্যাটট্রিকের সুবাদে লিগে তাঁর গোলসংখ্যা এখন ১১। নয়টি গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রিয়ালের ক্রিস্টিয়ানো রোনালদো। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের গোলসংখ্যা আট। রয়টার্স।