মেসির রাতে মোরাতার ঝলক
৮৩ মিনিট পর্যন্ত স্কোর ১-১। পয়েন্ট হারিয়ে শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে পড়ার শঙ্কা তখন জেঁকে ধরেছে রিয়াল মাদ্রিদকে। এ সময়ই উদ্ধারকর্তা হয়ে এলেন...না, রোনালদো নন, নন রিয়ালের অনেক তারকার কেউ। ২০ বছর বয়সী আলভারো মোরাতা। রিয়ালের মূল দলের হয়ে এই মৌসুমে মাত্র চতুর্থবারের (লিগে তৃতীয়) মতো মাঠে নেমেছেন যিনি। ৮৩ মিনিটে মেসুত ওজিলের বদলি হিসেবে মাঠে নামার এক মিনিট পরই লা লিগায় তাঁর প্রথম গোল করে রিয়ালের উৎসবের মধ্যমণি হয়ে গেছেন মোরাতা।রিয়াল মাঠে নেমেছিল প্রচণ্ড চাপ নিয়ে। এর আগে ২ গোল করে এক মৌসুমে গোলসংখ্যায় পেলেকে ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি। রিয়াল মায়োর্কার বিপক্ষে ৪-২ গোলে জিতে রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধানটা ১১ করে ফেলেছে বার্সেলোনা। গেটাফের বিপক্ষে ২-০ গোলের জয়ে অ্যাটলেটিকো মাদ্রিদও এগিয়ে গেছে ৮ পয়েন্টে। তার ওপর রিয়ালের ভগ্নশক্তির দল, চোটের কারণে হিগুয়েইন-বেনজেমা মাঠের বাইরে। বিরতির পর দেখা গেল ক্রিস্টিয়ানো রোনালদোও নেই! ম্যাচের তৃতীয় মিনিটে ডেভিড নাভারোর কনুই লেগে রোনালদোর বাঁ চোখের ওপরে কেটে যায়। দরদরিয়ে রক্ত ঝরে। শুশ্রূষা নেওয়ার পর রোনালদো খেলে গেলেও বিরতির পর আর মাঠে নামেননি। পরিবর্তে মাঠে নামেন রাউল আলবিওল। রোনালদো-হিগুয়েইন-বেনজেমাবিহীন রিয়ালের আক্রমণভাগটা একবার কল্পনা করুন!রিয়ালের জন্য এ দিন সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল মাঠ। লেভান্তের মাঠের জায়গায় জায়গায় পানি জমে ছিল। পাসিং ফুটবল খেলার কোনো সুযোগই ছিল না। তার পরও ২১ মিনিটে লিগে তাঁর ১২তম গোল করে রিয়ালকে এগিয়ে দেন রোনালদো। ৬২ মিনিটে সমতা ফেরায় লেভান্তে। ৭৩ মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সহজ সুযোগ পায় রিয়াল। কিন্তু রোনালদোর অনুপস্থিতিতে পেনাল্টি নিতে গিয়ে জাবি আলোনসো মিস করে বসেন। তখন ড্রকেই মনে হচ্ছিল নিয়তি। যেটি বদলে দিলেন মোরাতা। এদিকে মায়োর্কার মাঠে জাভি, মেসি, তেয়োর গোলে বার্সেলোনা প্রথমার্ধেই এগিয়ে যায় ৩-০ গোলে। বিরতির পর ৫৫ ও ৫৮ মিনিটে দুটি গোল শোধ দিয়ে দুর্দান্তভাবে খেলায় ফিরে আসে মায়োর্কা। কিন্তু ৭০ মিনিটে স্বাগতিকদের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে পানি ঢেলে ব্যবধান ৪-২ করে ফেলেন মেসি। এই ২ গোলে মেসি এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোল করার কীর্তিতে ছাড়িয়ে গেছেন পেলেকে। ব্রাজিল কিংবদন্তি ১৯৫৮ সালে করেছিলেন ৭৫ গোল। এ বছর মেসির গোল হয়ে গেল ৭৬টি। আর ৯টি গোল হলেই মেসি ছুঁয়ে ফেলবেন এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোল করা জার্ড মুলারের রেকর্ডকে (১৯৭২ সালে ৮৫টি)।এই জয়ে ১১ ম্যাচে ৩১ পয়েন্ট বার্সার। এতে তারা ছুঁল মৌসুমে সেরা শুরুর রেকর্ড। রিয়াল এমন শুরু করেছিল দুবার—১৯৬৮-৬৯ ও ১৯৯১-৯২ মৌসুমে। এএফপি, রয়টার্স।