মেসির রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওসাসুনা-ধাক্কায় চেনা হাসিটা উবে গিয়েছিল। সেই দুষ্টুমিষ্টি হাসিটা ফিরে এল পরশু। নিজের খেলাটা যে খুব উপভোগ করছেন সেটা বেশ বোঝা গেল যখন এক সতীর্থের দিকে তাকিয়ে চোখও টিপে দিলেন। লিওনেল মেসির মুখে হাসি চওড়া করেছে ৮৮ মিনিটে পাওয়া গোলটাও। এটি তাঁকে তুলে দিল রেকর্ডের পাতায়। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে ১৯তম গোল করে পরশু মেসি পেছনে ফেললেন রাউল আর আন্দ্রেই শেভচেঙ্কোকে।চ্যাম্পিয়নস লিগে তাঁর মোট গোল হলো ৪৪টি। সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন তাঁর অবস্থান ছয়ে। মোট গোলের প্রায় অর্ধেকই নকআউট পর্বে করেছেন—এই তথ্যই বলে দিচ্ছে এই টুর্নামেন্টে বার্সেলোনার সাম্প্রতিক সাফল্যের মূলে আছেন তিনি। গত ছয় বছরে তিনবারই চ্যাম্পিয়ন বার্সেলোনা। ২০০৯ আর ২০১১—এই দুবার বার্সাকে চ্যাম্পিয়ন করার পথে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন। নকআউট পর্বে আগের ১৮ গোলের ছয়টিই মেসি করেছেন আর্সেনালের বিপক্ষে। এর মধ্যে ২০০৯-১০ মৌসুমের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের চারটি গোলই ছিল তাঁর। যে ম্যাচের পর আর্সেন ওয়েঙ্গার বলেছিলেন, মেসি ‘প্লে-স্টেশনে’র খেলোয়াড়!বরাবরই দল-অন্তঃপ্রাণ মেসি পরশু ম্যাচ শেষে নিজের চেয়ে দলের কথাই বললেন জোর দিয়ে, ‘এই জয়টা আমাদের জন্য ছিল ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ পেপ কোচ হয়ে আসার পর ১৬ দলের পর্বে আমরা প্রথম ম্যাচটা আগে কখনো জিতিনি। তা ছাড়া আমরা জানতাম, জার্মানদের বিপক্ষে আমাদের কাজটা কঠিন হবে। গোল করতে পারা সব সময়ই আনন্দের। তার চেয়েও বেশি আনন্দ হয় যখন দল জেতে।’ এএফপি, ওয়েবসাইট।