মেসির রেকর্ডটা হয়নি!
৮৬ সংখ্যাটাকে পরশু ৮৮-তে নিয়ে গেলেন। তার পরও নাকি রেকর্ডটা হয়নি লিওনেল মেসির! এক বর্ষপঞ্জিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটার নতুন নতুন মালিক পাওয়া যাচ্ছে। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর দাবি, এই রেকর্ড এখনো জিকোর দখলে। ১৯৭৯ মৌসুমে জিকো ৮৯ গোল করেছিলেন বলে জানিয়েছে ফ্লামেঙ্গো। ক্লাবের হয়ে ৮১টি, ব্রাজিলের হয়ে সাতটি। অন্য গোলটি করেছিলেন একটি প্রীতি ম্যাচে। সেই হিসাবে মেসির চেয়ে এক বছরে এখনো একটি গোল বেশিই আছে বিশ্বকাপ না-জেতা ব্রাজিলের সোনালি প্রজন্মের অন্যতম প্রতিনিধি জিকোর।ক্লাবের ইতিহাসবিদ ব্রুনো লুসেনা দাবি করেছেন, মেসির কপাল ভালো ওই বছর জিকো চোটের কারণে দুই মাস খেলতে পারেননি। খেললে গোলের সেঞ্চুরিই করে ফেলতেন, ‘মেসি এখনো রেকর্ডটা ভাঙতে পারেনি। পুরো বছর খেললে জিকোর গোল অবশ্যই ১০০টিরও বেশি হতো। এতে কোনো সন্দেহই নেই।’প্রথমে শোনা গিয়েছিল এক বছরে সবচেয়ে বেশি গোলের রেকর্ড পেলের, ৭৫টি। সেটা ভাঙতে না-ভাঙতেই নতুন দাবি নিয়ে হাজির হলেন জার্ড মুলার। মেসি সেই ৮৫ গোলের রেকর্ড ভাঙার পরে এখন নতুন তথ্য পাওয়া যাচ্ছে। এ বছর আরও দুটি ম্যাচ পাবেন মেসি। ফলে জিকোর সপক্ষে দাবি করা রেকর্ডও হয়তো ভেঙে দেবেন বার্সার আর্জেন্টাইন তারকা। তবে তাতেও কি নিস্তার আছে? জাম্বিয়ান ফুটবল সংস্থা দাবি করেছে, এক বছরে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড তাদেরই এক ফুটবলারের। ১৯৭২ সালে মুলারের সেই ৮৫ গোলের রেকর্ডের বছরেই গডফ্রে চিতালু নামের এক স্ট্রাইকার ১০৭ গোল করেছেন বলে দাবি জাম্বিয়ান ফুটবল সংস্থার। দাবির প্রমাণপত্র ফিফাকেও দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান। ওয়েবসাইট।