মেসির লক্ষ্য এখন ‘আর্জেন্টিনা’
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে দুর্দান্ত এক মৌসুম পার করলেন লিওনেল মেসি। ৩৮ ম্যাচে ৩১টি গোল করে প্রথমে জিতেছেন স্প্যানিশ লিগ শিরোপা। তারপর চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে রেকর্ড ১২টি গোল করে বার্সেলোনাকে এনে দিয়েছেন চ্যাম্পিয়নস লিগ শিরোপাও। এবার আর্জেন্টিনার জার্সি গায়েও সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান ফিফার বর্ষসেরা এই ফুটবল তারকা।লাতিন অঞ্চলের সবচেয়ে বড় শিরোপা ‘কোপা আমেরিকা’ শেষবারের মতো জিতেছিল আর্জেন্টিনা প্রায় ১৭ বছর পেরিয়ে যাচ্ছে। কেবল কোপাই নয়, যেকোনো বড় প্রতিযোগিতায় আর্জেন্টিনার সঙ্গে ভাগ্য যেন বারবারই প্রতারণা করে আসছে। তবে এবার এই শিরোপা-খরা ঘোচাতে চান মেসি। স্পেনে ক্যারিয়ারের অন্যতম সফল একটা মৌসুম কাটানোর পর দেশে ফিরে তিনি বলেছেন, ‘আমি খুবই উত্ফুল্ল হয়ে দেশে ফিরেছি। বার্সেলোনার হয়ে আমি সবকিছুই জিতেছি। ব্যক্তিগত পর্যায়েও আমার পারফরমেন্স নিয়ে আমি খুবই খুশি। আর এখন আর্জেন্টিনার জার্সি গায়ে কোপা আমেরিকার শিরোপা জেতাটাই আমার একমাত্র লক্ষ্য।’সম্প্রতি আর্জেন্টিনার আরেক তারকা স্ট্রাইকার কার্লোস তেভেজকে দলে নেওয়া না নেওয়া নিয়ে তোলপাড় হয়েছে আর্জেন্টাইন মিডিয়া। মেসির সঙ্গে তেভেজের খারাপ সম্পর্কের কারণেই নাকি তেভেজকে দলে নেওয়া হচ্ছে না, এমন কথাও শোনা গেছে। তবে এ ধরনের কথাবার্তার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন মেসি। কারো সঙ্গেই তাঁর খারাপ সম্পর্ক নেই জানিয়ে তিনি বলেছেন, ‘শুধু তেভেজ না, রিকুয়েলমে বা ম্যারাডোনার সঙ্গেও আমার ঝামেলা চলছে, এমন কথাও অনেকবার আমার কানে এসেছে। কিন্তু আমার কারও সঙ্গেই কোনো সমস্যা নেই। ম্যারাডোনাতো আমাকে প্রচণ্ড স্নেহ করেন। তিনি এখন কোচ হিসেবে নেই। আমার সঙ্গে কিন্তু তাঁর সম্পর্ক এখনো খুব ভালো।’ ওয়েবসাইট।