মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিলেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই তো কদিন আগেও লিওনেল মেসির সঙ্গে তুলনাটা হতো ক্রিস্টিয়ানো রোনালদোরই। কিন্তু এখন আর তুলনাটা তাঁর সঙ্গে নয়। সেই পর্যায় পেরিয়ে মেসি যেন উঠে গেছেন আরেক উচ্চতায়। যেখানে তাঁর সঙ্গে তুলনা হচ্ছে পেলে কিংবা ম্যারাডোনার! এমনকি সেই আলোচনায় অল্পবিস্তর অংশগ্রহণ আছে এই দুই জীবন্ত কিংবদন্তিরও।রোনালদোর কেমন লাগে? ঈর্ষার আগুনে কি একটুও পোড়েন না বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারটি? মন খারাপের বাতাসও কি ছুঁয়ে যায় না তাঁকে? না! বরং রিয়াল মাদ্রিদের এই তারকা উইঙ্গার খুশিমনেই স্বীকার করে নিচ্ছেন, মেসি তাঁর চেয়ে অনেক ভালো খেলোয়াড়।‘মেসি কি আপনার চেয়েও ভালো?’ ইতালিয়ান পত্রিকা লা স্টাম্পার এমন প্রশ্নের জবাবে রোনালদো বলেছেন, ‘সম্ভবত হ্যাঁ।’ রোনালদোর এই স্বীকারোক্তি বিস্ময়ের বৈকি। এই তিনিই তো কদিন আগে বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের তালিকাতেও ঠাঁই দেননি বার্সেলোনার মেসিকে। বলেছিলেন দ্রগবা-কাকা-রুনিদের নাম। মেসির দুর্দান্ত ফর্মই কি মত পাল্টাতে বাধ্য করল তাঁকে?এই অকপটে স্বীকার করে নেওয়ার মধ্যেও একটু ‘কিন্তু’ রেখে দিয়েছেন রোনালদো। মেসির এই ‘অপ্রতিরোধ্য মেসি’ হয়ে ওঠার পেছনে বড় করে দেখাচ্ছেন বার্সা সতীর্থদের অবদান, ‘সত্যি বলতে কি, বার্সেলোনাই চমৎকার খেলছে। গত পাঁচ-ছয়টি ট্রফি ওরাই জিতেছে। এবারও লা লিগাতে শীর্ষে। গত বছরে মেসি ছিল অসাধারণ। এবং এবারও সে একই পথে আছে। কিন্তু তাকে সাহায্য করছে তার দল। আগের চেয়ে সতীর্থদের সঙ্গে তার বোঝাপড়াও অনেক ভালো।’এটুকু বলার পরই যেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারটির মনে পড়ে গেল নিজের কথাও। নিজেকেও সেরা দাবি করতে কোনো দ্বিধা নেই তাঁর, ‘আমি বরাবরই সেরা ফর্মেই আছি। মাদ্রিদ যদি কিছুই না জেতার শঙ্কায় ভোগে, তার মানে তো এমন নয় আমি খারাপ খেলছি। সব সময়ই কঠোর পরিশ্রম করি এবং প্রতিদিনই নিজের উন্নতির চেষ্টা করি।’রোনালদোকে এই প্রশ্নের উত্তর এই মৌসুম শেষে হয়তো আরও অনেকবারই দিতে হবে। যদি শেষ পর্যন্ত রিয়ালের ‘দ্বিতীয় নক্ষত্রপুঞ্জ’ খালি হাতেই ফেরে। রোনালদো অবশ্য বলছেন, দলটাকে সময় দিতে হবে, ‘আমি এখনো মনে করি রিয়ালের পক্ষে লিগ শিরোপা জেতা সম্ভব। এখানে এটি আমার প্রথম বছর। দলগতভাবে আমাদের পক্ষে আরও ভালো করা সম্ভব। কিন্তু নিজের খেলা নিয়ে আমার কোনো অভিযোগ নেই।’ ওয়েবসাইট।