মেসির সংসারে আগুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপারটাই এমন। কারও সঙ্গে বেশ মানিয়ে যায়, আবার কাউকে ওই ভূমিকায় দেখতে বেখাপ্পা লাগে। কিংবদন্তি ফুটবলার জর্জ বেস্টের কথাই ধরা যাক। মদ আর নারীতে নিজের আসক্তির কথা বোঝাতে গিয়ে একবার বলেছিলেন, আমি সারা জীবনে যা উপার্জন করেছি তার বেশির ভাগই খরচ হয়েছে মদ আর নারীর পেছনে। বাকি টাকা স্রেফ নষ্ট করেছি।
জর্জ বেস্ট বলেই সম্ভব! তাঁর ভাবমূর্তিই এমন ছিল যে বুক চিতিয়ে এ কথা বলার পরও সমালোচনার তিরে জর্জরিত হতে হয়নি। কিন্তু লিওনেল মেসি তো জর্জ বেস্ট নন। তিনি ফুটবলের ‘সুবোধ বালক’। অন্তত এত দিন সেটাই মনে করত সবাই। কথাটা অতীতকালে বলতে হচ্ছে কারণ কিছুদিন আগে কর ফাঁকির অভিযোগে অভিযুক্ত হয়ে ভাবমূর্তি কিছুটা হারিয়েছেন। এবার আর্জেন্টাইন সাময়িকী প্রোন্তোর প্রচ্ছদে ছাপা ছবি দেখার পর তো তাঁকে ‘সুবোধ বালক’ বলা যাবেই না।
কী আছে সেই ছবিতে? যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এক নৈশপার্টিতে সোনালি চুলের এক নর্তকীর সঙ্গে মেসি। ঘটনাটি জুলাইয়ের শুরুর দিকে, যখন শিকাগোতে অবশিষ্ট বিশ্ব একাদশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিলেন মেসি ও তাঁর বন্ধুরা। সে সময়ই আরেক কিংবদন্তি ফুটবলার ব্রাজিলের রোনালদোর আমন্ত্রণে সেই নৈশপার্টিতে যোগ দিয়েছিলেন মেসি। শুধু এটুকু হলে ঘটনাটা এত দূর গড়াত না। পার্টিতে তিনি যেতেই পারেন, সোনালি চুলের ভক্তের সঙ্গে ছবিও তুলতে পারেন। কিন্তু মেসি এগিয়েছেন আরেকটু। সোনালি চুলের নর্তকীর সঙ্গে ছবিতে তাঁকে দেখা গেছে খুব অন্তরঙ্গ অবস্থায়। যতটুকু অন্তরঙ্গ হলে এত দিনের সুবোধ বালক ভাবমূর্তি চটে যায়। যতটুকু অন্তরঙ্গ হলে সেই ছবি দেখে একজনের স্ত্রী কিংবা বান্ধবী খেপে যেতে পারেন।
মেসির বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জো আসলেই নাকি খেপেছেন। তিনি জানেন, মেসি যুক্তরাষ্ট্রে গেছেন প্রীতি ম্যাচ খেলতে। ছেলে থিয়াগোকে নিয়ে আন্তোনেল্লা তাই গিয়েছিলেন সেস ফ্যাব্রিগাসের পরিবারের সঙ্গে ছুটি কাটাতে। ফিরে এসে দেখেন, সাময়িকীর প্রচ্ছদে অন্য নারীকে জড়িয়ে তাঁর ভালোবাসার মানুষের ছবি। প্রোন্তোর দাবি, এ ছবি প্রকাশের পর নাকি আগুন জ্বলছে বার্সেলোনা তারকার সংসারে। দুজনের সম্ভাব্য বিয়েটাই নাকি হুমকির মুখে!
আর্জেন্টাইন অধিনায়ক পারবেন তো এ আগুন নেভাতে? ওয়েবসাইট।